
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৪ দল-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, একটি চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নগরবাসীর সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে ওই চক্র ‘নানা কল্পকাহিনি’ প্রচার করছে। গতকাল শুক্রবার সকালে নগরের দর্জিবন্দ, দর্জিপাড়া, রায়নগর, জল্লারপার ও মধুশহীদ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে ১৮ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক জোটের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ সুযোগ দিলে তিনি দৃষ্টিনন্দন এক নতুন সিলেট গড়তে পারবেন। গতকাল নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় নেতা-সাংসদদের প্রচারণা: গতকাল সকালে আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ সিলেট পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তাঁরা দুজন কামরানের পক্ষে গণসংযোগ করেন। একইভাবে নগরের পাঠানটুলা-মদিন মার্কেট এলাকায় কামরানের পক্ষে গতকাল গণসংযোগ করেছেন সুনামগঞ্জের সাংসদ এম এ মান্নান, শাহী ঈদগাহ এলাকায় জকিগঞ্জ-কানাইঘাটের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, দক্ষিণ সুরমা উপজেলার সিটি কর-পোরেশনভুক্ত এলাকায় স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী।
গতকাল নগরের সোবহানী ঘাট, যতরপুর, মীরাবাজার, মাছুদিঘিরপার এলাকায় গণসংযোগ করেন সম্মিলিত নাগরিক জোটের মেয়র পদপ্রার্থী আরিফুল হক। নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, সিলেটকে উন্নত বিশ্বের যেকোনো দৃষ্টিনন্দন নগরের মতো গড়ে তুলতে যা প্রয়োজন, তার বড় উপাদান প্রাকৃতিক সুবিধা সিলেটে রয়েছে। উন্নত নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন।
প্রচারণায় কেন্দ্রীয় নেতা, পৌর মেয়র: আরিফুল হকের প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারাও শামিল হয়েছেন। তাঁদের সঙ্গে গতকাল পৌর মেয়ররাও সম্পৃক্ত হন। হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ ও ভৈরব পৌরসভার মেয়র শাহীন আহমদ নগরের সোবহানী ঘাট, যতরপুর, মীরাবাজার এলাকায় গণসংযোগ করে আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন।