কবি, রাজনীতি বিশ্লেষক ও অধিকারকর্মী ফরহাদ মজহার অপহরণ এবং এ ঘটনা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। তারা সত্য উদ্ঘাটনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট হয়ে নাগরিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে উদ্বেগ দূর করার আহ্বান জানায়।
গতকাল সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। নাগরিক সমাজের পক্ষে গণমাধ্যমে এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই ভোরে ফরহাদ মজহার অপহৃত হন। সঙ্গে সঙ্গে তাঁর পরিবার, সুহৃদ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্বিগ্ন নাগরিক সমাজ তাঁকে অনতিবিলম্বে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়। র্যাব ও পুলিশের ত্বরিত পদক্ষেপের ফলে রাতেই তাঁকে উদ্ধার করায় নাগরিক সমাজে স্বস্তি ফিরে আসে। এরপর সবাই আশা করেছিলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপহরণকারীদের শনাক্ত করবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেবে। তবে উদ্বেগ ও হতাশার বিষয় এই যে একটি বিশেষ গোষ্ঠী অপহরণের অপরাধকে ভিন্ন খাতে প্রচারের জন্য বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের আয়োজন করেছে। এ ধরনের অপপ্রচার ফরহাদ মজহারের অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে চালানোর সুযোগ তৈরি করবে, যা কিনা প্রকৃত অপরাধীদের আড়াল করবে।
নাগরিক সমাজের পক্ষে বিবৃতি দেন সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীর উমর, জাফরুল্লাহ চৌধুরী, এম হাফিজ উদ্দিন আহমেদ, বদিউল আলম মজুমদার, স্বপন আদনান, দিলারা চৌধুরী, শীরিন হক, ফেরদৌস আজিম, শাহদীন মালিক, সি আর আবরার, আনু মুহাম্মদ, শহিদুল আলম, আমেনা মহসিন, সলিমুল্লাহ খান, রেহনুমা আহমেদ, আসিফ নজরুল, আজফার হোসেন, নূর খান, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান। বিজ্ঞপ্তি।