অপপ্রচারেরই পাঁচ সিটিতে পরাজয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করে পাঁচ সিটি করপোরেশনে ভোট নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে, বিএনপি ও জামায়াত তাদের বিভ্রান্ত করেছে।
বরিশাল বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াত অপপ্রচার চালাতে দক্ষ, যা পাঁচ সিটি করপোরেশনে আমাদের পরাজয়ের প্রধান কারণ। জনগণ এখন বুঝতে পেরেছে যে তারা বিভ্রান্ত হয়েছে। তাই, তারা তাদের মনোভাব পরিবর্তন করেছে।’ তিনি বলেন, চলতি বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের কয়েক হাজার কর্মী নিহত হয়েছিল বলে বিএনপি মিথ্যা তথ্য প্রচার করেছে। তারা হাইতিতে ভূমিকম্পে নিহত এবং যুক্তরাষ্ট্রের জোনস টাউনে গণ-আত্মহত্যার ঘটনার ছবি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়। জনগণ কিছু পায় এবং তারা সুখে ও শান্তিতে বসবাস করে। তাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়। অন্যদিকে, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণ নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়। বিএনপি দুর্নীতি, জনগণের সম্পদ লুট ও হত্যাকাণ্ডে লিপ্ত থাকে বলে বিদ্যুত্-সংকট ভয়াবহ রূপ ধারণ করে।’
২০০১ সালের নির্বাচনের পর দক্ষিণাঞ্চলসহ দেশব্যাপী নির্বাচন-পরবর্তী সহিংসতার কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখনো এসব নির্যাতন, ধর্ষণ ও হত্যার কথা ভুলে যায়নি। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকরা বিএনপির আমলে তাদের বাড়িতে থাকতে পারতো না। বিএনপির গুন্ডামি ও সন্ত্রাসের কারণে বরিশালের লোকজনকে কোটালিপাড়ায় আশ্রয় নিতে হয়েছিল।
হাজারো মৃতদেহ সরাতে কত লোকের প্রয়োজন
নরসিংদীতে এক জনসভায় দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গ উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, পুলিশ শাপলা চত্বরে দেড় লাখ গুলিবর্ষণ করেছে। মাত্র আধা ঘণ্টার মধ্যে কীভাবে এত গুলিবর্ষণ সম্ভব হলো?
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে বলেন, হাজার হাজার মৃতদেহ এবং আহতদের সরিয়ে নিতে কত সংখ্যক লোকের প্রয়োজন হতো? এ ছাড়াও তারা গুজব ছড়িয়েছে যে, ইমাম ও মোয়াজ্জিনদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, কিন্তু ঘটনার পরও মুসলমানরা রমজান মাসে তাদের সব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছে। অন্যান্য নামাজের পাশাপাশি সকল মসজিদে তারাবিহর নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ১৯৯৬ সালের নির্বাচনের পূর্বের স্টাইলে একই রকম প্রচারণা চালাচ্ছে। তারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকল মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে। কিন্তু মুসলমানেরা যখন সব ধর্মীয় অনুষ্ঠান উত্সবমুখর ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করেছে, তখন বিএনপি-জামায়াতের প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা দাবি করেছিল, বাংলাদেশ ভারতের অংশে পরিণত হবে, কিন্তু তা-ও মিথ্যা প্রমাণিত হয়েছে।

কাল ছয় জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামীকাল বুধবার সিলেট মহানগর, সিলেট জেলা, ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা মহানগর, খুলনা জেলা, মহানগর, উপজেলা এবং প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন। কাল বুধবার বেলা তিনটার দিকে গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী দলের তৃণমূলের নেতাদের সঙ্গে ৪ সেপ্টেম্বর থেকে মতবিনিময় সভা শুরু করেছেন। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই মতবিনিময় সভা চলবে।