অপবাদ ঘুচল খোট্টাপাড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাড়ার কোল ঘেঁষে ঐতিহাসিক ‘চাঁদ সওদাগরের দিঘি’। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টি ‘মনসামঙ্গল’ কাব্যে এই দিঘির বর্ণনা রয়েছে। দিঘির পাশের এলাকার নাম ‘খোট্টাপাড়া’। ১০ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের এই পাড়া পরিচিতি পেয়েছিল ‘অস্ত্র চোরাচালানিদের পাড়া’ হিসেবে। গত বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের মাধ্যমে এই পাড়ার অপবাদ কিছুটা হলেও ঘুচল বলে মনে করছে এলাকাবাসী।
অস্ত্র আটক ও চোরাচালান আইনের দুটি মামলার রায়ে এখানকার ১৭ আসামির মধ্যে ১৬ জনই খালাস পেয়েছেন। কেবল একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়। তাঁর নাম দ্বীন মোহাম্মদ।
খোট্টাপাড়ার আসামিদের তালিকায় ছিল নারী ইউপি সদস্য মরিয়ম বেগমের নাম। মরিয়ম বলেন, ‘পাঁচ মাস জেল খেটেছি বিনা দোষে। অনেক টাকা খরচ হয়েছে। আমাদের এই পাড়ার লোকজনকে শুধু শুধু আসামি করেছিল। এজাহারে ছিল না। কিন্তু অভিযোগপত্রে ঢুকিয়ে দেওয়া হয়। এখন আল্লা মুক্তি দিয়েছেন। অপবাদ থেকে মুক্তি পেলাম আমরা।’
গ্রামের পাশেই সেই সিইউএফএল ঘাট। এই ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে। গ্রামের লোকজন এই ঘাটকে ঘিরেই ব্যবসাবাণিজ্য করেন। মরিয়মের পাশের বাড়ির ফজল আহমেদ চৌধুরীও ওই ঘাটে নানা রকম ঠিকাদারি করতেন। অস্ত্র আটকের পর অভিযোগপত্রে তাঁকেও আসামি করা হয়। খালাস পাওয়ার পর গতকাল শুক্রবার তিনি আনোয়ারার মোহছেন আউলিয়া দরগাহ জিয়ারত করতে গেছেন। ছেলে ফারুক চৌধুরী তখন (২০০৪ সাল) ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এখন তিনি স্নাতকে পড়ছেন।
ফারুক বলেন, ‘বাবা অস্ত্র মামলার আসামি, এটি একটি অপবাদ। এই অপবাদ নিয়েই বড় হয়েছি। এখন সব দিক থেকে আমরা মুক্ত। এই আনন্দে মিষ্টি বিতরণ হয়েছে।’
একই পরিবারের তিন ভাই আক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আজিজ খালাস পেয়েছেন। অনেক টাকা-পয়সা খরচ হয়েছে মামলা চালাতে। দীর্ঘদিন পালিয়ে ছিলেন। মুক্তির পরও অজানা আশঙ্কা এখনো তাঁদের মধ্যে। তাই গণমাধ্যমে কথা বলতে চাননি কেউ।
মজিবুর রহমান তড়িঘড়ি করে চলে যাচ্ছিলেন মাজার জিয়ারতে। তিনি বলেন, ‘চার মাস জেল খেটেছি। অনেক টাকা-পয়সা খরচ হয়েছে। আমার চার মেয়ে বড় হয়েছে। এখন মানসিক কষ্ট থেকে মুক্তি পেলাম।’
১৭ আসামির মধ্যে দুজন রায় ঘোষণার কয়েক বছর আগেই মারা যান। তাঁরা হলেন আতাউর রহমান ও আবুল কাশেম। রোগে ভুগে মারা যান। অপবাদ নিয়ে তাঁরা মৃত্যুবরণ করছেন, এমনটি মনে করছেন স্বজনেরা।
আতাউরের ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নানা কষ্টে দিন গেছে আমাদের। আব্বা বিচারটি দেখে যেতে পারল না, এটা আফসোস।’
সব হাসি মিলিয়ে গেছে কেবল ফাঁসির দণ্ডপ্রাপ্ত দ্বীন মোহাম্মদের ঘর থেকে। আত্মীয়স্বজন আসছেন, সান্ত্বনা দিচ্ছেন। মুক্তিপ্রাপ্তরাও এসে পরিবারটিকে সান্ত্বনা দিচ্ছেন। তাতেও মিটছে না তাঁদের মনোজ্বালা।
‘আমার এক ভাই জসিম মুক্তি পেয়েছে। বড় ভাইকে (দ্বীন মোহাম্মদ) ফাঁসানো হয়েছে।’ বলতে বলতে গলা ভারী হয়ে আসে দ্বীন মোহাম্মদের বোন শাহীনা আরার।