অপবাদ দিয়ে দুই বোনের পরিবারকে গ্রামছাড়া?
ময়মনসিংহের সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে দুই বোনের পরিবারকে অপবাদ দিয়ে গ্রামছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ পরিবারটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেও প্রভাবশালী ব্যক্তিদের প্রতিরোধের মুখে পিছু হটেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ এপ্রিল সুতিয়াখালী গ্রামের ১০ বছরের এক মেয়েকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী কয়েকজন যুবক ধর্ষণের চেষ্টা চালায়৷ এ ঘটনায় মেয়েটির মা ৩০ এপ্রিল কাজল, আশরাফুল ও রিপন নামের তিন যুবকের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করেন৷ এর পর থেকে ওই পরিবারকে গ্রামছাড়া করা হয়। মেয়েটির মা, খালা, আরেক কন্যাশিশু এবং দুই বোনের বৃদ্ধ মা-বাবা একসঙ্গে থাকতেন৷ তবে এখন পর্যন্ত পুলিশ ধর্ষণচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি৷ গ্রামবাসীর কয়েকজন জানান, প্রভাবশালী ব্যক্তিদের মদদের কারণে মামলার পরও কাজল, আশরাফুল ও রিপন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
কয়েকজন গ্রামবাসী বলেন, দুই বোনের একজন স্বামী পরিত্যক্ত৷ অন্যজনের স্বামী মারা গেছেন৷ বৃদ্ধ মা-বাবা ও সন্তানকে সঙ্গে নিয়ে তাঁরা সুতিয়াখালী গ্রামে বসবাস করেন। দুই বোন বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে কয়েক বছরে নিজেদের অবস্থার উন্নতি করেছেন। তাঁরা চাচার কাছ থেকে এক খণ্ড জায়গা নিয়ে পাকা ঘর তুলেছেন৷ এ ঘটনাকে ভালোভাবে নেয়নি গ্রামের কিছু প্রভাবশালী লোক৷ তাদের মদদেই গ্রামবাসীর বড় একটি অংশ দুই বোনের বিরুদ্ধে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ এনে গ্রামছাড়া করেছে৷ এখন তাঁদের গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না৷
অভিযোগ অস্বীকার করে ওই দুই বোন বলেন, গ্রামের অনেকেই তাঁদের কাছ থেকে টাকা ধার নিয়েছেন। টাকা ফেরত না দেওয়ার ফন্দি করতেই তাঁদের নামে অপবাদ দেওয়া হচ্ছে৷
দুই বোন আরও বলেন, পুলিশ তাঁদের গ্রামে নিয়ে গেলেও গ্রামবাসী ঢুকতে দেননি। সর্বশেষ ৬ জুন রাতে শিশুদের ময়মনসিংহ শহরের একটি বাড়িতে রেখে তাঁরা গ্রামে গেলেও গ্রামবাসীর ওই অংশ তাঁদের নানা হুমকি-ধমকি দেয়৷
ভাবখালী ইউপি চেয়ারম্যান মো. ইসলাম জানান, ‘দুই বোনের স্বামী নেই। তাঁরা অসামাজিক কাজ করে বলে গ্রামবাসীর অভিযোগ রয়েছে। তবু সাময়িক সময়ের জন্য তাঁদের গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, ‘আমরা তাঁদের গ্রামে ফিরতে বলেছি। কোনো সমস্যা হলে পুলিশ দেখবে।’ মামলা সম্পর্কে তিনি বলেন, এটি তদন্ত করা হচ্ছে।