অপবাদ দিয়ে ভেঙে দেওয়া হলো বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর মাইলবগা গ্রামের ‘দুশ্চরিত্র’ আপবাদ দিয়ে এক নারীর ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামের মোড়লদের ইন্দনে কিছু গ্রামবাসী এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, হাসানপুর মাইলবগা গ্রামের নাজমার দ্বিতীয় বিয়ে হয় টিটা বাজিতপুর গ্রামের হায়দার আলী শেখের সঙ্গে। কিন্তু হায়দারের পরিবার মেনে না নেওয়ায় নাজমা নিজের বাড়িতেই থেকে যান। হায়দার মাঝেমধ্যে নাজমার সঙ্গে দেখা করতে এলে গ্রামের মাতব্বররা কয়েকবার এ নিয়ে সালিসও বসান।নাজমা অভিযোগ করেন, গত সোমবার রাতে হায়দারের সঙ্গে কথা বলতে দেখে গ্রামের কিছু লোক তাঁর বিরুদ্ধে গ্রামের মোড়ল আনাছার শেখ ও ইনছার শেখের কাছে নালিশ করে। তাদের ইন্দনেই গত বুধবার সকালে ৪০-৫০ জন তাঁর মাটির ঘরটি গুঁড়িয়ে দেয়।নাজমার স্বামী হায়দার আলী বলেন, ‘নাজমা আমার স্ত্রী। আমি তাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছি।’ প্রতিবেশী বৃদ্ধ রহমত আলী বলেন, ‘আমি কখনো নাজমাকে খারাপ কিছু করতে দেখিনি।’ তবে গ্রামের মোড়ল আনছার শেখ বলেন, নাজমার চরিত্র ভালো না। তবে তিনি দাবি করেন, গ্রামের কিছু লোক তাঁর কাছে নালিশ নিয়ে এলেও তিনি নাজমার ঘর ভেঙে দেওয়ার নির্দেশ দেননি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নাজমার লিখিত অভিযোগ শনিবার মামলা হিসেবে গ্রহন করা হয়েছে।