অপবাদ সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা!
অপবাদ ও সালিস বৈঠকের অপমান সইতে না পেরে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও এলাকাবাসীর বক্তব্যমতে, উপজেলার আদর্শ গ্রামের যুবক শাহজাহান ও একই গ্রামের নূরজাহান বেগমের (১৬) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দরিদ্র পরিবারের মেয়েটি হাটহাজারীর বড়দিঘিরপাড় এলাকার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। ছুটি নিয়ে তিন দিন আগে সে বাড়িতে আসে। শুক্রবার শাহজাহানের সঙ্গে সে আদর্শ গ্রামসংলগ্ন পাহাড়ে বেড়াতে যায়। তার এই বেড়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সর্দার মাহাবুল আলম ও তাঁর সহযোগীরা নূরজাহানের চরিত্র নষ্ট হয়েছে বলে এলাকায় অপবাদ রটান।কিশোরীর পরিবার ও স্বজনেরা জানান, এ ঘটনায় রাতেই সালিস বৈঠক বসিয়ে সর্দার মাহাবুল আলম ও তাঁর সহযোগীরা কিশোরী নূরজাহান ও তার মাকে ডেকে এনে জোর করে খালি স্ট্যাম্পে সই নেন এবং দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। এই অপমান সইতে না পেরে নূরজাহান গতকাল ভোরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।এ ঘটনায় মেয়েটির ভাই নজরুল ইসলাম মামলা করেছেন। পুলিশ সর্দার মাহাবুলকে গ্রেপ্তার করেছে। হাটহাজারী মডেল থানার এসআই গোলাম হক্কানী বলেন, মেয়েটির গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে।