অপবাদের মুখে ছাই দেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সম্প্রতি প্রকাশিত সমীক্ষাকে ‘উদ্দেশ্যমূলক’ বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তাঁর অভিযোগ, পুলিশ বাহিনীতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।গতকাল রোববার সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে ‘পুলিশ ব্লাড ব্যাংক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে দেওয়াই যদি এ প্রতিবেদনের লক্ষ্য হয়ে থাকে, তবে পুলিশ সে অপবাদের মুখে ছাই দিয়ে সেটা মিথ্যা প্রমাণ করবে।গত বৃহস্পতিবার টিআইয়ের প্রকাশিত জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক ওই বৈশ্বিক সমীক্ষায় বাংলাদেশ সম্পর্কে বলা হয়, দেশের ৪৬ শতাংশ মানুষ মনে করে, গত তিন বছরে দুর্নীতি বেড়েছে। আর বাংলাদেশের মানুষ পুলিশ বিভাগকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে।‘পুলিশ ব্লাড ব্যাংক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটি মহল তৎপর। তিনি পুলিশ হাসপাতালকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।