অপমানের প্রতিবাদে শিক্ষা কর্মকর্তাদের কর্মবিরতি
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক সরকারি কলেজশিক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা’র প্রতিবাদে সারা দেশে সরকারি কলেজসহ শিক্ষা-সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে শিক্ষক নেতারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা অভিযুক্ত ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন হাওলাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ২৩ এপ্রিলের মধ্যে সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউএনও ও ভান্ডারিয়া কলেজের অধ্যক্ষকে প্রত্যাহার করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে শিক্ষামন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, শিক্ষাসচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই কর্মসূচি পালন করেন।
৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা চলাকালে ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে দুজন পরীক্ষার্থীর কাছাকাছি বসাকে কেন্দ্র করে দায়িত্বরত কলেজশিক্ষক মোনতাজ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে আসেন। পরে ওই শিক্ষককে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।