অপমান করতে হলে কাউকে রক্তাক্ত করার প্রয়োজন নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কেউ না কেউ অপমানের শিকার হচ্ছেন। সহানুভূতির চর্চা এই অব্যবস্থা থেকে মানবসমাজকে মুক্ত করতে পারে।
রাজনৈতিক মনোবিদ ও দিল্লির সেন্টার ফর দ্য স্টাডি অব পলিটিক্যাল সোসাইটিজের সাবেক অধ্যাপক আশীষ নন্দী গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বক্তৃতায় এ মন্তব্য করেন।
আশীষ নন্দী বলেন, মূল্যবোধ তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। এগুলো হলো যুক্তি, সহানুভূতি ও নান্দনিকতা। একটা সময় অযৌক্তিক ব্যবস্থার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে যুক্তির চর্চাকে উৎসাহ দেওয়া হয়েছে। এই চর্চা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সহানুভূতি হারিয়ে গেছে।
আশীষ নন্দী তাঁর বক্তৃতায় অপমানের বিভিন্ন পরিপ্রেক্ষিতের ব্যাখ্যা দেন। তাঁর মতে, একটি দেশের সংস্কৃতি ঠিক করে দেবে, কোনটি অপমান আর কোনটি অপমান নয়। দক্ষিণ এশিয়ায় দেশভাগ, ধর্ম, বর্ণ, গোত্রে বৈষম্যের উপস্থিতি কীভাবে মানুষকে অপমানিত করেছে, তাঁর ব্যাখ্যা দেন তিনি।
কখনো কখনো কোনো কোনো নাম বা উপাধির সঙ্গে ‘অপমান’ জড়িয়ে থাকে বলে মন্তব্য করেন আশীষ নন্দী। যেমন ‘নিগ্রো’ শব্দটি। সে কারণে নিগ্রো থেকে প্রথমে ব্ল্যাক ও পরে আফ্রিকান আমেরিকান কথাটির উৎপত্তি হয়েছে। তিনি বলেন, ‘দাসপ্রথার জন্য আফ্রিকান আমেরিকানদের অপমানিত হওয়ার কথা নয়। অপমানিত হবে তারাই, যারা আফ্রিকান আমেরিকানদের দাস হিসেবে ব্যবহার করেছে।’
এক প্রশ্নের জবাবে আশীষ নন্দী বলেন, এই উপমহাদেশের মানুষ অপমানের মতো অনাচার রুখে দেওয়ার ক্ষমতা রাখে। পাকিস্তানের মতো দেশে মানুষ রাস্তায় নেমে সামরিক শাসনের ইতি টেনেছে। গোটা বিশ্বে এমন নজির বিরল।
বক্তৃতার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। এই কেন্দ্রের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে অপমানবোধ থেকে। সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বাঙালিদের অপমান করতে যখন সংসদের বৈঠক আহ্বান করা হয়নি, তখনই ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্ত্বাধিকারী মহিউদ্দীন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্ররা।