বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে হত্যা-আত্মহত্যার মতো অপমৃত্যু ঠেকাতে ছাত্রীদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলেজ প্রশাসন। প্রাথমিকভাবে কলেজের আবাসিক হলের ছাত্রীদের সচেতনতা বাড়াতে শিক্ষক, মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে পরামর্শ (কাউন্সেলিং) সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এ কার্যক্রমের আওতা বাড়ানো হবে।
সাম্প্রতিক সময়ে কলেজটির ছাত্রীদের হত্যা-আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস জানান। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে পড়ালেখার জন্য সন্তানদের বাইরে পাঠান বাবা-মা। অথচ পড়ালেখা করতে এসে অনেক সময়ই আবেগে গা ভাসিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে তারা। কেউ মাদকে জড়ায়, কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয়। এতে কলেজ প্রশাসনও মর্মাহত। এই পথ থেকে শিক্ষার্থীদের ফেরাতে আপাতত ছাত্রীদের জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো কলেজের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হবে।’
পুলিশ ও কলেজ সূত্র জানায়, গত দেড় মাসে কলেজ-সংলগ্ন মেসগুলোতে বেশ কয়েকজন ছাত্রী আত্মহত্যা করেছেন। আবাসিক মোটেলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আরেক ছাত্রীকে। এ ছাড়া বন্ধুর মেসে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আরেকজন। চলতি নভেম্বর মাসেও একজন ছাত্রী আত্মহত্যা করেছেন এবং আরেকজন হত্যার শিকার হয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, সর্বশেষ ১৪ নভেম্বর সন্ধ্যায় শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার একটি মেসে আত্মহত্যা করেন আজিজুল হক কলেজের ছাত্রী ছন্দা রানী সরকার। প্রেমিকের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেন।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, ‘২ নভেম্বর বগুড়া পর্যটন মোটেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হন ছাত্রী কণা খাতুন। মেয়েটিকে হত্যা পর তাঁর প্রেমিক জাকারিয়া পালিয়ে যান। জাকারিয়াও একই কলেজের ছাত্র।’
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজটির আশপাশে প্রায় ৫০০ মেসে থাকেন ছাত্রছাত্রীরা। লেখাপড়ার জন্য পরিবার ছেড়ে এখানে বসবাসরত মেয়েদের সরলতার সুযোগ নিয়ে প্রতারক তরুণেরা তাঁদের প্রেমের ফাঁদে ফেলে বিপথগামী করছেন। এসব মেয়ে কখনো ধর্ষণ, হত্যা বা অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য মুঠোফোনে ধারণের পর ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন।
মনোবিজ্ঞানী মোহিত কামাল বলেন, ‘সাম্প্রতিক সময়ে বগুড়ার বেশ কিছু ছাত্রী-অভিভাবক আমার চেম্বারে এসেছেন। প্রেমের ফাঁদে ফেলে এসব মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত এসব মেয়ের জীবন পর্যবেক্ষণ করে দেখা গেছে, আবেগের বসে বিচার-বিবেচনা না করে তাঁরা প্রেমের ফাঁদে পা দিয়েছেন। মুঠোফোন, ফেসবুক বা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই একেবারে অপরিচিত একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছেন তাঁরা। পরে প্রেমিকের বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে অধিকাংশ সময়ই আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।’
মোহিত কামাল আরও বলেন, এ থেকে ফেরাতে মেয়েদের মধ্যে আত্মসচেতনতা বাড়াতে হবে। আবেগ ও মনকে নিয়ন্ত্রণ করে জীবনের লক্ষ্য পূরণে তাঁদের উদ্বুদ্ধ করতে হবে।