সিলেটে যুব সংহতি নেতা মনোয়ার হোসেন মনিরের (২৮) মৃত্যুর ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গত শনিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় কারা কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করে। তবে নির্যাতনে মনিরের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মো. ফজলে শাহিন হক সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে (মনির) গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় স্বাস্থ্য পরীক্ষায় তিনি সুস্থ ছিলেন।নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে র্যাবের পক্ষ থেকে তদন্ত হবে কি না— সাংবাদিকেরা জানতে চাইলে ফজলে শাহিন বলেন, অভ্যন্তরীণ অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে। এর পরও কিছু আছে কি না, আপনারাই খুঁজে দেখুন।এদিকে মনিরের ওপর সুনামগঞ্জের ছাতক থানায় দায়ের করা মামলাও মিথ্যা দাবি করে মনিরের পরিবার তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে পরিবার সূত্র জানায়।সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে ‘ভুয়া র্যাব’ অভিযোগে ১৪ সেপ্টেম্বর রাতে মনিরকে গ্রেপ্তার করেন র্যাবে-৯-এর সদস্যরা। পরদিন তাঁকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ওই দিনই মনিরকে কারাগারে পাঠালে ১৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তাঁকে সিলেট কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে কারা হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলে শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।মৃত্যুর কারণ কিডনি ও হার্ট সমস্যা ‘এলভিএফ (লেফট ভেনট্রিকিউলার ফেইলিউর) জটিলতা’র কথা চিকিৎসকের বরাত দিয়ে সংক্ষিপ্তভাবে উল্লেখ রয়েছে বলে সিলেট কারাগারের জেলার নেছার আলম নিশ্চিত করেছেন। জেলার জানান, সিলেট কারাগারে পাঠানোর সময় মনিরের অবস্থা খুবই নাজুক ছিল। তাই কারাগারে শুধু তাঁর হাজতি নম্বর (৫৮২৩/১১) নথিভুক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়।মনিরের পরিবার সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মনিরের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত আটটায় সিলেটে হজরত শাহপরান (রহ.) দরগাহ গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে। মনিরের ছোট ভাই আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মনিরের মৃত্যু নির্যাতনের কারণেই যে হয়েছে—এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা মামলা করব।’মনিরের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত কয়েকজন প্রথম আলোকে জানান, ছাতক থানায় যে অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, সেটি একটি সাজানো ও পরিকল্পিত ঘটনা। মামলায় উল্লেখ রয়েছে, মনির ১২ সেপ্টেম্বর মুঠোফোনের খুদেবার্তায় র্যাব পরিচয় দিয়ে ওই নারীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মনিরের পরিচিতদের দাবি, ওই নারীর স্বামীর সঙ্গে মনিরের চলাফেরা ছিল। তাঁদের দাম্পত্য সম্পর্কের কোনো তিক্ততা থেকে মনিরকে শায়েস্তা করতে ওই নারী সাজানো ঘটনার অবতারণা করে মনিরকে অভিযুক্ত করেছেন বলে তাঁরা মনে করেন।নাম প্রকাশে অনিচ্ছুক মনিরের পরিবারের এক সদস্য ক্ষোভের সঙ্গে বলেন, মুঠোফোনে হুমকি-ধমকি তো প্রতিনিয়ত হয়। এ রকম একটি হুমকি বা চাঁদা দাবির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত দ্রুত পদক্ষেপ নেওয়ার মধ্যে নানা প্রশ্ন রয়েছে।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মুন্সি জানান, ছাতক উপজেলার লক্ষ্মীবাউর গ্রামের সামসুল ইসলামের মেয়ে পারভীন বেগম মনিরের বিরুদ্ধে র্যাব পরিচয়ে চাঁদাবাজি মামলা করেন। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ১৫ সেপ্টেম্বর মামলা হয়েছে এবং ওই দিনই আসামি মনিরকে পুলিশে হস্তান্তর করা হয়। মামলার অভিযোগের সত্য-মিথ্যা নিয়ে পুলিশ তো তদন্ত করে দেখার সুযোগই পেল না। মামলাটি পুলিশের তদন্তের মধ্যে রয়েছে বলে এ ব্যাপারে আপাতত বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।