অপমৃত্যু: অর্থের বিনিময়ে লাশ হস্তান্তর!
১৮ জানুয়ারি ভোর। গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তরুণ কুমার আচার্যকে (১৯)। খুলনার ডুমুরিয়া উপজেলার সদর বাজারে তাঁর বাড়ি। হাসপাতালের ২ নম্বর মেডিসিন বিভাগে চিকিত্সাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান তিনি।ওই বিভাগের সহকারী রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন তরুণকে চিকিত্সা করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিষক্রিয়ায় তরুণের মৃত্যু হয়েছে। ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ৪৫-এর ‘ঘ’ ধারা অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সাধীন রোগীর এভাবে মারা যাওয়ার ঘটনা স্থানীয় থানার পুলিশকে লিখিতভাবে জানাতে বাধ্য। থানার পুলিশ এই অপমৃত্যুর বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। মৃত্যুর সনদ, ভর্তির টিকিটসহ এমন রোগীর লাশ আমরা ওয়ার্ড মাস্টারকে বুঝিয়ে দিই। আইনি প্রক্রিয়া ছাড়া অপমৃত্যুর লাশ পরিবারে হস্তান্তর করার নিয়ম নেই।’কেবল তরুণের মৃত্যুর ঘটনাই নয়, গত জানুয়ারিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এমন ২০টি অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে লাশ গোপনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের কতিপয় কর্মকর্তা-কর্মচারী লাখখানেক টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।তরুণের চাচি ইতি রানী আচার্য প্রথম আলোকে বলেন, ‘১৯ জানুয়ারি রাত একটা ২০ মিনিটে তরুণ মারা যায়। এরপর হাসপাতালের ওয়ার্ড মাস্টার পরিচয়ে এক ব্যক্তি ও দুজন দারোয়ান আমাদের কাছে এসে জানান, এটি এখন পুলিশ কেস। সকালে পুলিশ এসে লাশ নিয়ে ঝামেলা করবে। ১০ হাজার টাকা দিলে রাতেই তাঁরা লাশ বাড়ি নিয়ে যেতে দেবেন। আমরা তাঁদের পাঁচ হাজার টাকা দিই। তাঁরা পেছনের গেট দিয়ে তরুণের লাশ গাড়িতে তুলে দেন। রাত তিনটায় লাশ নিয়ে বাড়ি ফিরি।’প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত জানুয়ারিতে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় আহত ২৫ জন নারী, পুরুষ ও শিশুকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হলে এসব ঘটনা অপমৃত্যুর তালিকায় পড়ে। এর মধ্যে পাঁচটি ঘটনা পুলিশকে জানানো হয়। ২০০৯ সালে ওই হাসপাতালে ৩৫০টিরও বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে মাত্র ৯৮টি পুলিশকে জানানো হয়।জানা গেছে, অপমৃত্যুর ঘটনা পুলিশকে না জানিয়ে গোপনে যেসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, প্রতিটি লাশ থেকে হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী দুই থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। এক হিসাবে দেখা গেছে, গত ১৩ মাসে অপমৃত্যুর ঘটনায় লাশ গোপনে হস্তান্তর করে তাঁরা আট থেকে নয় লাখ টাকা নিয়েছেন।১২ জানুয়ারি সকাল পৌনে সাতটায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের পারুল মণ্ডল (৫০)। মৃত্যুর সনদে কারণ হিসেবে মোয়াজ্জেম হোসেন বিষক্রিয়ার কথা উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে কিছু জানানো হয়নি। পারুলের ছেলে অসীম মণ্ডল বলেন, ‘হাসপাতালের ওয়ার্ড মাস্টারের লোক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে দুই হাজার টাকা দিয়ে ময়নাতদন্ত ও পুলিশি ঝামেলা ছাড়াই লাশ বাড়ি নিয়ে যাই।’২১ ডিসেম্বর খুলনা নগরের দৌলতপুর থানার পাবলা এলাকার গৃহবধূ তারা বেগম (৩৮) ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এটিও অপমৃত্যু। তারা বেগমের স্বামী ইউনুস ব্যাপারী বলেন, ‘হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও কয়েক কর্মচারী পুলিশি ঝামেলা পোহানোর কথা বললে আড়াই হাজার টাকা দিয়ে লাশ বাড়ি নিয়ে যাই।’হাসপাতালের চিকিত্সকদের সূত্রে জানা যায়, যেকোনো অস্বাভাবিক ঘটনায় আহত বা অসুস্থ হওয়া ব্যক্তিদের প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ভর্তির সময় রেজিস্ট্রি খাতায় এবং ভর্তির টিকিটে অসুস্থতার কারণ উল্লেখসহ ‘পুলিশ কেস’ লেখা সিলমোহর দিয়ে মেডিসিন বিভাগে পাঠানো হয়। রোগীর মৃত্যু হলে তা দুটি রেজিস্ট্রি খাতায় লিখে রাখা হয়। পরে ওই ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত মৃত্যুসনদ ও ভর্তির টিকিট পাঠানো হয় হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে। ওয়ার্ড মাস্টার প্রতিটি অপমৃত্যুর বিষয়ে স্থানীয় থানার পুলিশকে লিখিতভাবে জানান।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, হাসপাতালে অধিকাংশ অপমৃত্যুর ঘটনা পুলিশকে না জানিয়ে লাশ অর্থের বিনিময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এতে পাঁচ হাজার পর্যন্ত টাকা নেওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুজন ওয়ার্ড মাস্টার আতাউর রহমান ও মো. ইছহাকের নেতৃত্বে এই লাশ হস্তান্তর চলে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বয়, আয়া ও কয়েকজন নৈশপ্রহরী এ কাজে সহযোগিতা করেন।পুলিশকে না জানিয়ে বেশ কিছু অপমৃত্যুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা স্বীকার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিক, রাজনীতিক ও প্রশাসনের অনুরোধে অনেক অপমৃত্যুর লাশ পুলিশকে না জানিয়ে ছেড়ে দিতে হয়। কিন্তু এর বিনিময়ে অর্থ নেওয়া হয় না। তবে ওয়ার্ডের বয়-আয়ারা হয়তো এক শ-দুই শ টাকা নিতে পারে। কারণ তারা লাশটি বহন করে গাড়িতে উঠিয়ে দেয়।’ অপর ওয়ার্ড মাস্টার মো. ইছহাক বলেন, ‘পুলিশ কেস (অপমৃত্যুর ঘটনা) আতাউর রহমান স্যার দেখেন। তাঁর কাছেই সব খাতাপত্র থাকে। আমি এ বিষয়ে কিছুই জানি না।’খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক হামিদ আজগার বলেন, অপমৃত্যুর ঘটনা পুলিশকে না জানিয়ে বা আইনি প্রক্রিয়া ছাড়া লাশ হস্তান্তর অপরাধ। এ ধরনের কাজ করা হয়ে থাকলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ নিয়ে অর্থ-বাণিজ্য গুরুতর অন্যায়।নগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি সোনাডাঙ্গা থানার অধীনে। এ কারণে ওই হাসপাতালের অপমৃত্যুর ঘটনা লিখিতভাবে সোনাডাঙ্গা থানার পুলিশকে জানানো বাধ্যতামূলক। এরপর পুলিশ তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সাধারণ ডায়েরি বা অপমৃত্যু মামলা করবে। অবস্থা বুঝে মৃত্যুর কারণ উদ্ঘাটনে লাশের ময়নাতদন্তের ব্যবস্থাও পুলিশ করবে। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন না হলে বেশির ভাগ ক্ষেত্রে অপমৃত্যুর কারণ অনুদ্ঘাটিত থাকে। এতে অনেক হত্যার ঘটনাও ধামাচাপা পড়ে যেতে পারে।মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়ক আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, অপমৃত্যুর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে লাশ দাফন বা সত্কার আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ।