অপমৃত্যুর মামলা সালিসে আপস!
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অপমৃত্যুর (ইউডি) মামলা সালিসের মাধ্যমে নিষ্পত্তি করার অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তাধীন অবস্থায় অপমৃত্যু মামলার আপসের কোনো সুযোগ নেই। আর আপসের এখতিয়ার ইউপি চেয়ারম্যানের নেই।এলাকাবাসী সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার হাটকালুপাড়ার আবদুল মান্নানের মেয়ে মিনু বেগমের সঙ্গে পাশের গ্রাম দীপচাঁদপুরের মামুনুর রশিদের সঙ্গে নয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। গত ২৪ এপ্রিল উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দীপচাঁদপুর গ্রামের মামুনুর রশীদের স্ত্রী মিনু বেগমের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে আত্রাই থানার পুলিশ। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়।ঘটনার দুদিন পর হাটকালুপাড়া ইউপির চেয়ারম্যান মাহবুব উল হক মিনুর বাবা ও শ্বশুরপক্ষের লোকজনকে নিয়ে একটি সালিসে ঘটনাটি ৬০ হাজার টাকায় আপস করে দেন।মাহবুব উল হক বলেন, ‘মিনুর বাবা ও শ্বশুর পরিবারের লোকজন এসে জানান, তাঁরা ঘটনার মীমাংসা করতে চান এবং আমাকে প্যাডে লিখে দিতে বলেন। উভয় পক্ষ আমার পরিচিত বলে আমি তা লিখে দিই ও স্বাক্ষর করি। আমি কোনো অসৎ উদ্দেশ্যে এসব করিনি।’মামলার বাদী মিনুর মামা দেলোয়ার হোসেন প্রামাণিক জানান, ঘটনা মীমাংসা করার জন্য কোনো সালিস হয়নি। বিয়ের সময় মিনুকে কিছু আসবাব যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। সেসবের মূল্য হিসেবে ৬০ হাজার টাকা নেওয়া হয়েছে। মিনুর ভাশুর আজাহার আলী মণ্ডল বাবু দাবি করেন, মিনু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁদের কেউ যৌতুক নেননি। মিনুর পরিবারের লোকজন দুই লাখ টাকা দাবি করেছিলেন, স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ৬০ হাজার টাকায় আপস হয়। টাকা নিয়ে মিনুর মামা আবার মামলা করেছেন।