অপর দুই বিচারপতিকেও শপথবাক্য পাঠ করানো উচিত: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে যে দুজনকে শপথ পাঠ করানো হয়নি তাঁদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় তাঁদের শপথবাক্য পাঠ করানো উচিত। তাঁদের নিয়োগ এখনো সঠিক।’ অপর দুজনকেও শিগগিরই শপথবাক্য পাঠ করানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল সোমবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। রাষ্ট্রপতি ১১ এপ্রিল হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন। তাঁদের মধ্যে রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান ছাড়া অপর ১৫ জনকে রোববার শপথ পাঠ করানো হয়। সম্প্রতি পত্রিকায় ওই দুজনের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রকাশিত হয়, সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচারপতি হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেকেই সত্, দক্ষ ও অভিজ্ঞ। রুহুল কুদ্দুসের বিরুদ্ধে একটি মামলা ছিল। এখন ওই মামলাও নেই। প্রধান বিচারপতির দরজায় খসরুজ্জামান লাথি মারছেন—এমন ছবি পত্রিকায় ছাপা হয়েছে। অথচ প্রধান বিচারপতির কক্ষে এ ধরনের দরজা নেই। এ ছবি ‘ম্যানিপুলেট’ করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হবে। এর আগে আইনমন্ত্রী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, হাইকোর্টের ঐতিহাসিক রায় শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বইটি প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনা।অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশের সংবিধান পুনরুদ্ধার করা হবে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হবে বেআইনি ও অবৈধ। স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায় শুধু যুগান্তকারী ঘটনা নয়, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি গোলাম রাব্বানী। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। তাঁর সাঙ্গপাঙ্গরা রাজনীতির নামে ব্যবসা করার জন্য এটি করেছে। সাংবাদিক শাহরিয়ার কবির বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলা অপরাধ—এ মর্মে আইন করার প্রস্তাব করেন। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে তাদের বিরুদ্ধে ‘মরণোত্তর তিরস্কার’ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বেলাল মোহাম্মদ।