অপর দুজনের ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে দেবর আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণ, হত্যা ও আলামত গোপনে সহযোগিতা করায় আলমগীরের দুই বন্ধু রিপন ও রাহিদ হাসানকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজীনা ইসমাইল গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। আদালত আলমগীরকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আদালতে ২২ জন সাক্ষী উপস্থিত করে। আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ করে হত্যার আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁকে ধর্ষণ করে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আলমগীরকে আরও দুই বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। অপর দুই আসামিকে ধর্ষণ, হত্যা ও আলামত গোপনে সহযোগিতার দায়ে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ১৪ জুলাই আলমগীর তাঁর প্রবাসী ভাই শাহ আলমের স্ত্রী মুন্নি আক্তারকে চিকিৎসা করানোর কথা বলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় নিয়ে যান। পরে আলমগীর ও তাঁর দুই বন্ধু মুন্নিকে ধর্ষণ করেন। এরপর মুন্নিকে হত্যা করে তাঁর পেট কেটে গলায় ইট বেঁধে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তিন দিন পর ১৭ জুলাই ইছামতী নদী থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় মুন্নির মা দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করা হয়। মুন্নির শ্বশুরবাড়ি জয়পাড়া বাজারে। রিপন ও রাহিদ অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০০৬ সালের ৩ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৮ সালের ১৩ জুলাই অভিযোগ গঠন করা হয়। রায় ঘোষণার আগে কারাগারে আটক আলমগীর ও রিপনকে আদালতে হাজির করা হয়। রাহিদ জামিন নিয়ে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আলী আজগর (বিশেষ পিপি)।