অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ১৭ বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, কোনো ধর্মের অবমাননা তাঁরা অনুমোদন করেন না। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ—এটাই তাঁদের প্রত্যাশা।
আজ বুধবার এক বিবৃতিতে সমাজের ১৭ বিশিষ্ট নাগরিক এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভারতের দুজন বিজেপি নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ভারত উপমহাদেশসহ সারা বিশ্বে মুসলমান ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সঞ্চার করেছেন। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের স্বাভাবিক প্রতিবাদ অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে। এই সুযোগে মুসলিম জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছে।
বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। বিবৃতিতে তিনিসহ স্বাক্ষর করেছেন সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবেদ খান, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, শফি আহমেদ, শিমূল ইউসুফ, সারা যাকের ও হারুন হাবীব।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোনো ধর্মের অবমাননা কখনো অনুমোদন করি না। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুসলমানদের প্রিয় নবী সম্পর্কে অবমাননাকর উক্তি প্রত্যাখ্যান করার পাশাপাশি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশা করে। আমরা মনে করি, অপর দেশের ঘটনাকে কেন্দ্র করে নিজ দেশে ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠীর হিংসাত্মক ও ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকা এখন সময়ের দাবি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকার ইতিমধ্যে সচেতন প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা যার যার ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’