অপরাজনীতিই সুস্থ সংস্কৃতির বীজতলা ধ্বংস করছে: কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, অপরাজনীতি অপসংস্কৃতির চেয়েও ভয়াবহ। অপরাজনীতি বন্ধ না হলে অপসংস্কৃতি দূর হবে না। অপরাজনীতিই সুস্থ সংস্কৃতির বীজতলা ধ্বংস করছে।গতকাল শুক্রবার এফডিসির জহির রায়হান মিলনায়তনে ‘অপসংস্কৃতি রোধে সুশীল সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশেই দেখা যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতির রং বদলে যায়। তাই রাজনীতি বিশুদ্ধ না হলে সমাজের অন্যান্য ক্ষেত্রে কখনোই সুবাতাস বইতে দেখা যাবে না।বাংলাদেশ চলচ্চিত্র সমাজ সংঘ ও বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক পরিষদের যৌথ আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম। ওবায়দুল কাদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিটিভি এখন নানা বিশেষণে বিশেষায়িত করে উপস্থাপন করছে। কিন্তু সরকার বদলালে এই বিটিভিই জাতির জনককে উপস্থাপন করে নিন্দিতভাবে, এমনকি নিষিদ্ধও করে থাকে। এটা কেন হবে? এই অপরাজনীতিই বন্ধ করতে হবে।