অপরাজেয় আয়শার স্নিগ্ধ প্রকৃতি

কোনো ছবিতে বৃষ্টির মধ্যে কচু পাতা মাথায় নিয়ে বসে আছে একাকী কিশোরী। কোনোটিতে খোঁপায় ফুল গুঁজে মাটির ঘরের জানালা দিয়ে তাকিয়ে আছেন গ্রামীণ রমণী। অন্য ছবিগুলোয় গাছ, ফুল, ঝরনা, সূর্য, নদীসহ নানা প্রাকৃতিক দৃশ্যের উপস্থিতি। আর সেসব দৃশ্য থেকে আনন্দ খোঁজার চেষ্টা করেছেন শিল্পী আয়শা সিদ্দিকা।
যশোরের মেয়ে আয়শা সিদ্দিকা। ২০১৫ সালে চিকিৎসার জন্য ভারতে গিয়ে পাচারকারীদের হাতে পড়েন। কেরালা থেকে উদ্ধারের পর তাঁর
ঠাঁই হয় আশ্রয়কেন্দ্রে। সেখানে প্রায় ছয় মাস থাকার পর তিনি দেশে ফেরেন ওই বছরেরই ডিসেম্বরে। অপরাজিতা এই নারী দেশে ফিরে নতুন করে বাঁচার প্রত্যয়ে এগিয়ে চলেছেন। চিত্রকর্মের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন দুঃখ, বেদনা আর আনন্দের একেকটি গল্প।
আয়শার আঁকা ৫১টি চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে তাঁর চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘প্রকৃতির সুর’। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিন আজ বুধবার। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, আয়শা সিদ্দিকা অদম্য বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের প্রতীক। পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া আয়শা পরাজিত হননি। তিনি ছবি আঁকছেন, লিখছেন। বাংলাদেশের নারীর অদম্য চরিত্রের প্রতিচ্ছবি তিনি।
এর আগেও তিনটি একক চিত্র প্রদর্শনী হয়েছে আয়শার। তাঁর ভাষায়, আগের প্রদর্শনীগুলো ছিল ব্যথা ও আর্তনাদে ভরা। এবারের প্রদর্শনীতে শুধু আনন্দ আর আনন্দ। তিনি বলেন, মনের আনন্দে ছবিগুলো এঁকেছেন। সবার ভালো লাগলেই তিনি খুশি। জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ রাশেদ।
আয়শা চিত্রকর্মে এঁকেছেন পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া ঝরনার ধারা, গ্রামের সবুজ মেঠোপথ ধরে ছুটে চলা গরুর গাড়ি, পুকুরে ভেসে বেড়ানো হাঁস ও হাঁসের ছানা, গ্রামের রমণীর নকশিকাঁথা সেলাই। অধিকাংশ ছবিতে গাছ, ফুল, গ্রামীণ পরিবেশের উপস্থিতি লক্ষণীয়।
প্রদর্শনী ঘুরে দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের একজন রেজাউল হক বলেন, ছবিগুলোর মধ্যে বেশ সারল্য আছে। গ্রামের প্রকৃতির উপস্থিতি বেশি।
কেরালার আশ্রয়কেন্দ্রে থাকার সময় লেখা আয়শার নির্বাচিত রচনা নিয়ে মালয়ালাম ভাষায় আহত আমি নামে একটি সংকলন বের হয়। এই সংকলনের কিছু রচনার সঙ্গে নতুন রচনা ও চিত্রকর্ম মিলিয়ে একটি বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। তাতে আয়শার লেখা একগুচ্ছ কবিতা, ছোটগল্প, ডায়েরির অংশবিশেষ ও চিত্রকর্ম স্থান পেয়েছে।