অপরাধ আইন সংশোধনের সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার আরও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো সংগঠনটির এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডামস স্বাক্ষরিত একটি চিঠিতে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সাত দফা সুপারিশ করা হয়েছে।চিঠিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার অনন্য সুযোগ বাংলাদেশের সামনে এসেছে। তবে বর্তমান আইনে সংশোধন আনা না হলে বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হবে না। বিচারের প্রক্রিয়ায় ত্রুটি থাকলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আস্থাহীনতা দেখা দেবে। সরকার চাইলে খুব সহজেই এই সংশোধন করতে পারে।হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অপরাধ আইন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) অনুসারে ট্রাইব্যুনালের আইন ও কার্যপ্রণালী বিধির কয়েকটি ধারায় সংশোধনীর সুপারিশ করেছে।চিঠিতে ট্রাইব্যুনাল আইন ও এর সদস্যদের নিয়োগ চ্যালেঞ্জ করার সুযোগ, অভিযুক্তদের সাংবিধানিক অধিকার সংরক্ষণ, বিচারক ও সরকারপক্ষের আইনজীবীদের প্রশিক্ষণসহ সাত দফা সুপারিশ করা হয়। এ ছাড়া বিচারের আগে ও পরে সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের সুরক্ষার জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়।