অপরাধ করে কেউ পার পাবে না: সাখাওয়াত

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, র্যাবের বিপথগামী সদস্যরাই সাত খুনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তা রায়ের মাধ্যমে প্রমাণিত হলো। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে খুন করতে একটি বাহিনীর কয়েকজন সদস্যের সহায়তা নিয়েছেন। আর্থিক প্রয়োজনে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা। তিনি এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনই র্যাবের সাবেক সদস্য।
২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।