আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করে কেউ পার পাবেন না। যাঁরা অপরাধ করবেন, তাঁদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর বড় প্রমাণ হচ্ছে নারায়ণগঞ্জ।
গতকাল মঙ্গলবার ঢাকার সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক এক প্রচারণায় অংশ নিতে এসে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে আইন প্রয়োগকারী সংস্থার এত বেশিসংখ্যক সদস্যের ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, যা নজিরবিহীন। আমাদের সরকার কোনো হস্তক্ষেপ করেনি। দণ্ডপ্রাপ্তরা হয়তো উচ্চ আদালতে যাবেন। আমাদের সরকার সেখানেও কোনো হস্তক্ষেপ করবে না। উচ্চ আদালত, নিম্ন¤আদালতের রায় বহাল রাখবেন বলে আমরা আশাবাদী। তাহলে দেশের মানুষ স্বস্তি পাবেন।’
নিজ দলের নেতাদের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের ভেতরে কিছু নেতার আচরণগত সমস্যা আছে। কারও কারও জন্য দলে অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে। এসব কারণে এরই মধ্যে দলের তিনজন সাংসদসহ খাগড়াছড়ির নেতাদের সতর্ক করা হয়েছে।
টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খানের (রানা) বহিষ্কার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমানুরকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। নির্বাহী কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিএনপির নানা অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নালিশ ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই। তাঁরা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। তাই বিএনপির নাম পরিবর্তন করে রাখা উচিত বাংলাদেশ নালিশ পার্টি। এর আগে ওবায়দুল কাদের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের এক কিলোমিটার অংশ আট লেনে উন্নীত করার ঘোষণা দেন এবং এক মাসের মধ্যেই এ কাজ শুরু হবে বলে জানান। তিনি বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাভারের সাংসদ এনামুর রহমান এবং লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।