অপরাধ করে থাকলে কাদেরকে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান। অপরাধ করে থাকলে সাবেক এমপি কাদের খানকে শাস্তি পেতেই হবে।
শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করলে তাঁকে শাস্তি পেতেই হবে। তিনি বলেন, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তি হলেও অপরাধ করলে তাঁকে শাস্তি পেতে হবে।
অনুষ্ঠানে বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা উপস্থিত ছিলেন।