অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুললে সাজা হতে পারে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, প্রশ্ন করলে ট্রাইব্যুনালের আইনেই সাজা দেওয়ার বিধান আছে।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে ‘স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন। স্বাধীনতার ঘোষণাপত্রের ৪১ বছর পূর্তি উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই সভার আয়োজন করে।কোনো কোনো রাজনৈতিক দল থেকে ট্রাইব্যুনাল নিয়ে বিতর্ক এবং প্রশ্ন তোলা হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাঁরা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। তাঁদের জানতে হবে, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ—হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জোর করে ধর্মান্তরিত করা, গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিচার করা হবে। আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে করা আন্তর্জাতিক অপরাধ আইন দ্বারা এসব অপরাধের বিচার হবে। ’৭৩-এর এই আইন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এ আইনে কোনো ঘাটতি বা স্বল্পতা নেই।আইনমন্ত্রী দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন ও মামলা স্থানান্তরের বিষয়ে ট্রাইব্যুনাল আইনের সংশোধনে মন্ত্রিসভার অনুমোদনের বিষয়টি উল্লেখ করে বলেন, কাল-পরশু অধ্যাদেশ জারি করা হলে কিছু মামলা এক নম্বর ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করা যাবে।আলোচনায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যুদ্ধাবস্থার প্রস্তুতি নিয়ে যুদ্ধাপরাধের বিচার দ্রুত এগিয়ে নিতে হবে। এ নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই।আবুল কালাম আযাদের পালিয়ে যাওয়ার ঘটনার উল্লেখ মিজানুর রহমান বলেন, সরষে ভূত থাকলে তাড়াবেন কী করে? স্বাধীনতার খসড়া ঘোষণাপত্রের অন্যতম রচয়িতা আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার উল্লেখ ছিল। এ তিন্রটি বিষয় পরবর্তী সময়ে সংবিধানেও প্রতিফলিত হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন অধ্যাপক অজয় রায়, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, তুরিন আফরোজ প্রমুখ।