অপরাধ তদন্তের ক্ষমতা চেয়েছে আনসার
পুলিশের মতো অপরাধ তদন্ত করার ক্ষমতা চেয়েছে আনসার বাহিনী। বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ জন্য আনসার বাহিনী আইন সংশোধন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী নিজস্ব দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের সহায়ক হিসেবে কাজ করে।
প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) জ্যোতির্ময় দত্ত প্রথম আলোকে বলেন, প্রস্তাব আসতেই পারে। এ বিষয়ে যাচাই-বাছাই ও আলোচনা হবে। পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, আনসার বাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রস্তাবটি অবাস্তব। আসলে আনসার সমান্তরাল পুলিশ বাহিনী গঠন করতে চায়। পুলিশের সমান্তরাল কোনো বাহিনী করা হলে তা দেশের জন্য মঙ্গল হবে না।
তবে প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর ফোনে খুদে বার্তাও পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে বলা হয়, সরকারি নির্দেশ জারি হলে আনসার বাহিনী যেকোনো অপরাধের তদন্ত করতে পারবে। এ ক্ষেত্রে আনসার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা অপরাধ তদন্তের দায়িত্বভার গ্রহণ করবেন। বাহিনী অপরাধ-সংক্রান্ত তথ্য সংগ্রহ, জঙ্গি, নাশকতাসহ জননিরাপত্তার জন্য হুমকি এমন অপরাধীদের গ্রেপ্তার করবে। আনসার বাহিনী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং বেআইনি বস্তু উদ্ধার করবে। তারা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে। প্রস্তাবে আরও বলা হয়, এই বাহিনী যুদ্ধকালীন আদেশকাঠামোর নিয়ন্ত্রণে থেকে অভিযান চালাবে। দুর্যোগ মোকাবিলায় ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। আইনের বিধান অনুযায়ী জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, শান্তিরক্ষা নিয়মিত বাহিনী গঠন ও রক্ষণাবেক্ষণ করা হবে, যা ‘আনসার ব্যাটালিয়ন বাহিনী’ নামে পরিচিত হবে। জননিরাপত্তা বিধান করে বিশেষ জরুরি প্রয়োজনে সরকার এ আইনের আওতায় বিশেষায়িত ইউনিট গঠন করতে পারবে। আনসার ব্যাটালিয়ন সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী শৃঙ্খলা বাহিনী হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়, ঢাকায় আনসার বাহিনীর জন্য সদর দপ্তর থাকবে। এ ছাড়া ব্যাটালিয়নের জন্য পৃথক সদর দপ্তর হতে পারে। বিভাগীয় সদর দপ্তরে রেঞ্জ সদর দপ্তর হবে বা প্রয়োজনে কোনো জেলায় বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে রেঞ্জ সদর দপ্তর হতে পারে। সরকার নীতিমালা প্রণয়ন করলে আনসার সদস্যরা অস্ত্র, গোলাবারুদ বহন ও ব্যবহার করতে পারবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
আনসারের প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ফৌজদারি মামলা তদন্ত করার একমাত্র এখতিয়ার পুলিশের। তদন্ত করার জন্য পুলিশের মতো দুটি সমান্তরাল (প্যারালাল) বাহিনী গঠন করা ঠিক হবে না। আনসারকে তদন্ত করার ক্ষমতা দিলে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করতে হবে। এতে পুলিশের মতো আনসার সমান্তরাল বাহিনী হিসেবে তদন্ত করতে পারবে। এটি হবে অপরিপক্ব সিদ্ধান্ত।