অপরাধ দমনে সংলাপে আগ্রহী বাংলাদেশ ও থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্দেশীয় অপরাধ দমনে সহযোগিতার লক্ষ্যে নিয়মিত বিরতিতে দ্বিপক্ষীয় সংলাপ আয়োজনের বিষয়ে কাজ করতে রাজি হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। এ ছাড়া চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের র‍্যানং বন্দরের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে আলোচনায় দুই দেশ সম্মত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ কমিশনের সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই তাঁর দেশের নেতৃত্ব দেন।
প্রতি বছর এখন এক বিলিয়ন ডলারের যে বাণিজ্য রয়েছে, তা বাড়াতে দুই দেশ রাজি হয়েছে। থাইল্যান্ডের বাজারে রপ্তানির সুযোগ আছে—বাংলাদেশের এমন পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ জন্য ৩৬ পণ্যের তালিকা দিয়ে বাংলাদেশ তা যাচাই করার অনুরোধ জানিয়েছে। তাই অনুরোধ রাখার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্কের সুযোগ কাজে লাগিয়ে পর্যটন, স্বাস্থ্য, সেবা খাত, খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি অনুরোধ জানান।
থাইল্যান্ডের যেসব খাতে শ্রমিকের ঘাটতি আছে, তা পূরণে বাংলাদেশের দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার প্রসঙ্গটি আবার তুলেছে বাংলাদেশ।
দুই পক্ষ কৃষি খাতে সহযোগিতা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তির বিষয়ে যৌথ কর্ম দল গঠনে রাজি হয়েছে। এর পাশাপাশি মৎস্য খাতে সহযোগিতার চুক্তি হালনাগাদ করা, রূপরেখা সমঝোতা স্মারক সই করে জ্বালানি খাতে সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সংস্কৃতি ও পর্যটন খাতে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে কাজ করতে দুই পক্ষ একমত হয়েছে।
পরে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান।