ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী
অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পড়তে হয় অপরাধবিজ্ঞান
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাজ অপরাধমুক্ত নয়, তবে অপরাধকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে অপরাধবিজ্ঞান পড়া ও গবেষণা অত্যন্ত সময়োপযোগী।
মন্ত্রী বলেন, ‘জাতিগতভাবে আমরা এগিয়ে চলেছি উন্নত দেশের দিকে। মধ্যবর্তী আয়ের দেশের এই সময়ে অপরাধ বিস্তৃত হতে পারে।’ মন্ত্রী বলেন, ‘সমাজে অপরাধ সৃষ্টি হয়, অপরাধ থাকবে, অপরাধ সভ্যতার অংশ। অপরাধবিজ্ঞান পড়ার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে অপরাধ দমনে ভূমিকা রাখতে পারবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীতে প্রতিদিন অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে, সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে, তাই অপরাধবিষয়ক শিক্ষার গুরুত্ব অপরিসীম। লেখাপড়া, গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে অপরাধ সংঘটনের প্রকৃতি চিহ্নিত করা, প্রতিবিধান করা, প্রতিরোধ করা, সর্বোপরি সমাজে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে অপরাধপ্রবণতা সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি।
অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে এ সময় সাংসদ ফারুক খান, পুলিশের ডিআইজি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অতিথিরা শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে বিভাগের চার বছরের নানা কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। এর আগে অপরাজেয় বাংলার সামনে থেকে শোভাযাত্রা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।