অপরাধ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবরে রাজধানীতে অপরাধ কম হয়েছে। অক্টোবর মাসে একটিও ডাকাতির মামলা হয়নি, দস্যুতার মামলা কমেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সভা সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অক্টোবর মাসে রাজধানীতে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান, গাবতলীতে তল্লাশিচৌকিতে এএসআই ইব্রাহিম মোল্লা ও শাহবাগে প্রকাশক ফয়সার আরেফিন দীপনকে হত্যা করা হয়। পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হাতে তৈরি গ্রেনেড হামলায় দুজন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছেন। লালমাটিয়ায় কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে পুলিশের কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, রাজনৈতিক অভিলাষ থেকে একটা মহল এসব হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এর বাইরে ঢাকার সামগ্রিক অপরাধ পরিস্থিতি আগের চেয়ে ভালো হচ্ছে।
সভা শেষে ডিএমপির একজন উপকমিশনার প্রথম আলোকে বলেন, সভায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কমিশনার বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যেসব ব্যক্তি নিরাপত্তা-ঝুঁকিতে আছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন কমিশনার। এলাকাভিত্তিক (বিট) পুলিশিংয়ের ওপর জোর দিতে বলেছেন। বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। চেকপোস্টে পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে, নির্দেশনা মেনে দায়িত্ব পালন করতে বলেন। একসঙ্গে পাঁচজনের বেশি সদস্যকে চেকপোস্টে মোতায়েন না করতে বলা হয়েছে। এখন পুলিশের সদস্যরা দুই পালায় (শিফট) কাজ করেন, তাঁদের দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। আগামী মাসে ডিএমপিতে কিছু বাড়তি সদস্য যোগ দিলে দিনের কাজ তিন পালায় ভাগ করার কথা বলেছেন কমিশনার।
সভা সূত্র জানায়, সভায় সেপ্টেম্বরের সঙ্গে অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়। গত বছরের এ সময়ের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদক উদ্ধার ও চুরি যাওয়া গাড়ি উদ্ধার বেড়েছে। গত অক্টোবরে ঢাকায় ডাকাতির মামলা হয়নি। কিছু দস্যুতার মামলা হয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে অক্টোবর মাসের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনার।