অপরাধ বৃদ্ধির ৩০ কারণ খুঁজে পেয়েছে সিআইডি
থানার পুলিশের উদাসীনতা ও প্রকৃত অপরাধী শনাক্ত না হওয়ার কারণে দেশে ডাকাতির ঘটনা বাড়ছে। খুন বাড়ছে আসামিকে বিচারের আওতায় আনতে না পারার কারণে। আর অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের অবাধ মোবাইল ফোনের ব্যবহারে বাড়ছে অপহরণের মতো মারাত্মক অপরাধের ঘটনা। দেশে অপরাধ বৃদ্ধির জন্য এ রকম ৩০টি কারণ চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এক পর্যালোচনায় এ তথ্য বেরিয়ে এসেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটি তদন্ত কার্যক্রম পরিচালনা বিধি প্রণয়নেরও সুপারিশ করেছে সিআইডি। সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) েমাখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের অপরাধ নিয়ে একটি তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এর ভিত্তিতে ২০০৯ সালের অপরাধ বৃদ্ধির কিছু কারণ চিহ্নিত করা হয়। তবে অপরাধ বৃদ্ধির জন্য এর বাইরেও অনেক কারণ থাকতে পারে। শুধু মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসব সমস্যার কথা পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক (্আইজিপি) নূরুল হুদা এ প্রসঙ্গে বলেন, সারা দুনিয়ায় দিনে দিনে অপরাধ বাড়ছে। কেউ যদি অপরাধ কমছে বলে প্রচার করে তাহলে সেটা সন্দেহের চোখে দেখা উচিত। যেসব কারণে অপরাধ বাড়ে সেগুলো খুঁজে তা নিয়ন্ত্রণে রাখাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ৫ জানুয়ারি সারা দেশের পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে অপরাধ বৃদ্ধির এসব কারণ তুলে ধরে সিআইডির প্রধান। বৈঠকে বলা হয়, গত বছর (২০১০) দেশে এক লাখ ৬১ হাজার ১৭১টি অপরাধের ঘটনা থানায় রেকর্ড করা হয়। আগের কয়েকটি বছরের তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়, এসব অপরাধের মধ্যে নারী নির্যাতন, অপহরণ, খুন, ডাকাতি ও পুলিশ আক্রান্তের ঘটনা বেড়ে গেছে। এসব মামলার সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ছিল। বৈঠকে এসব অপরাধ বৃদ্ধির কারণও উল্লেখ করা হয়।খুন: পর্যালোচনায় খুন বৃদ্ধির জন্য পাঁচটি কারণ চিহ্নিত করা হয়। এতে বলা হয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে না পারা খুন বাড়ার প্রধান কারণ। এ ছাড়া ঘটনার পর অপরাধী চিহ্নিত না হওয়া, বস্তুনিষ্ঠ সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে না পারা এবং বিচার নিষ্পত্তিতে বিলম্বের কারণেও খুনের ঘটনা বাড়ছে। গত বছর গাজীপুর, চট্টগ্রাম, নওগাঁ, রাঙামাটি ও মৌলভীবাজারে খুনের ঘটনা বেড়ে যায়। গত বছর দেশে তিন হাজার ৭৭৮ জন নিহত হয়। ওই সময় রাজধানীত গড়ে প্রতিদিন একজন করে খুন হয়েছে।ডাকাতি: ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হয়, থানা পুলিশের উদাসীনতা ও তদারকির অভাবে ডাকাতি বাড়ছে। ডাকাতির প্রকৃত পরিসংখ্যান জানানো হয় না বেশির ভাগ সময়। অনেকে এসব ঘটনা গোপন করেন। এতে করে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে পারে না। তা ছাড়া হাওর এলাকায় ফসলহানি, মামলা পরিপূর্ণভাবে উদ্ঘাটন করতে না পারা এবং গ্রেপ্তারের পর ডাকাতদের জামিনে বের হয়ে আসার বিষয়টিও উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে দেড় হাজার ডাকাতি ও দস্যুতার মামলা হয়।নারী নির্যাতন: সিআইডির পর্যালোচনায় বলা হয়, সাতটি কারণে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। এসব কারণের মধ্যে আছে ছোটখাটো বিষয়ে পারিবারিক অশান্তি নিয়ে মামলা করার প্রবণতা বেড়ে যাওয়া, স্বামীর মাদকাসক্তের কারণে স্ত্রী নির্যাতন, যৌতুক, এলাকার বাদানুবাদ নিয়ে মিথ্যা মামলা, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় অযথা মামলা দায়ের। গত বছর ১৬ হাজার ৮৮০টি নারী নির্যাতনের মামলা হয়। অপহরণ: অপহরণের প্রধান কারণ সম্পত্তিসংক্রান্ত বিরোধ ও প্রেমঘটিত বিষয়। এ ছাড়া অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের অবাধ মোবাইল ফোন ব্যবহার ও চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নেওয়ার কারণে অপহরণ বেড়েছে।পরামর্শ: সিআইডির একজন কর্মকর্তা জানান, অপরাধ বৃদ্ধি ও মামলা তদন্তের বেহাল দশা কাটাতে বেশকিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সিআইডি। এসব সুপারিশের মধ্যে রয়েছে তদন্ত কার্যক্রম পরিচালনা বিধি প্রণয়ন করা। এ ছাড়া একটি পৃথক তদন্ত সংস্থা করা, যেখানে সব ধরনের মামলার তদন্ত তদারকি করা যাবে। সিআইডি মামলা তদন্তের জন্য একটি বিশেষায়িত ইউনিটের মডেল গঠনেরও সুপারিশ করে।এসব পরামর্শ সম্পর্কে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, এসব সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যায়, আগামী বছর পরিস্থিতি আরও ভালো হবে।