রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। কিন্তু এসব ঘটনায় পর্যাপ্ত প্রমাণের অভাবে কারও শাস্তি হচ্ছে না। ফলে অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
এ অবস্থায় অপরাধীদের শনাক্ত করতে তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার কারণে অপরাধীরা ভয় পাবে বলেও মনে করছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, ১৬টি ক্যামেরার মধ্যে আটটি প্রশাসনিক ভবনে ও আটটি উপাচার্যের বাসভবনে বসানোর প্রক্রিয়া শেষ হয়েছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা বসানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম বলেন, প্রশাসনিক ভবনে প্রায়ই অপরাধমূলক ঘটনা ঘটছে। অপরাধীদের চেনা গেলেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জটিলতা দেখা দেয়। তাই অপরাধীদের শনাক্ত করতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের কাছে চাঁদাবাজি, তাঁদের ভয়ভীতি-হুমকি ও কর্মকর্তাদের ফাইলপত্র তছনছ করাসহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধের সঙ্গে কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী জড়িত বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গত আট মাসে এ ধরনের ১২টি ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৬ আগস্ট প্রশাসনিক ভবনের নিচতলায় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলীর কক্ষে ফাইলপত্র তছনছ করে তাঁর কাছে চাঁদা দাবির ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁকে লাঞ্ছিতও করা হয়। এ ছাড়া ১৪ আগস্ট একই ভবনের দোতলায় নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কক্ষেও একই ধরনের ঘটনা ঘটে।
এভাবে আট মাসের মধ্যে ১২টি ঘটনায় সমান সংখ্যক তদন্ত কমিটি করা হলেও তারা সঠিক কোনো তদন্ত করতে পারেনি। এর কারণ হিসেবে তদন্ত কমিটির সদস্যরা যুক্তিসংগত প্রমাণ না পাওয়াকে দায়ী করেছেন।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আর এম হাফিজুর রহমান বলেন, সুনির্দিষ্টভাবে অপরাধ প্রমাণ করা যায়নি বলে তদন্তও শেষ করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরা বসানোয় অপরাধের ঘটনার প্রমাণ পাওয়া অনেকটা সহজ হবে মন্তব্য করে তিনি বলেন, এতে অপরাধীরাও অপরাধ করতে ভয় পাবে।
১৬ আগস্টের হামলার ঘটনার উল্লেখ করে জনসংযোগ দপ্তরের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় চাকরি করছি। প্রায় সময় আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়। অপরাধীদের চিহ্নিত করতেই সিসি ক্যামেরা বসানো হয়েছে।’
অপরাধ দমনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, নতুন এ বিশ্ববিদ্যালয়ে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। অনেক লোকবলের প্রয়োজন। বিরাজমান সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।