অপরাধ বেড়েই চলেছে, আতঙ্কে শিবচরবাসী
মাদারীপুরের শিবচরে গত এক মাসে এ উপজেলায় হত্যা, ধর্ষণ, পাঁচটি ডাকাতি ও কমপক্ষে ২০টি চুরিসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পুলিশকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় অনেকেই নিরাপত্তাহীনতার ভুগছেন। অনেকে পালা করে রাত জেগে পাহারা দিচ্ছেন।এসব অপরাধমূলক তৎপরতা বন্ধের দাবিতে গত রোববার এলাকাবাসী শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের ইলিয়াছ আহম্মেদ চৌধুরী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জনসভা করে।এলাকাবাসী, থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর উপজেলার বাখরেরকান্দি গ্রামে এক সৌদিপ্রবাসীর স্ত্রী মমতাজ বেগমকে (৩২) শ্বাস রোধে হত্যা করা হয়। ধর্ষণে বাধা দেওয়ায় গত ৩০ জানুয়ারি আমজেদ বেপারিকান্দি গ্রামে এক বখাটের আক্রমণে এক মেয়ে আহত হয়। একই দিন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মোজাফফরপুর সিকদারকান্দি গ্রামের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। এ দুটি ঘটনায় ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি শিবচর থানায় দুটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।শিবচর থানা সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি উপজেলার উৎরাইল গ্রামের সৌদিপ্রবাসী মোখলেসুর রহমানের বাড়িতে, ৬ জানুয়ারি বহেরাতলা ইউনিয়নে এক প্রধান শিক্ষকসহ দুজনের বাড়ি, ২ ফেব্রুয়ারি পাঁচ্চর সোনাপট্টি গ্রামে এক বাড়ি এবং ৩ ফেব্রুয়ারি বন্দোরখোলা এলাকায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এসব বাড়ি থেকে ১৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে উপজেলার কাচিকাটা গ্রামের গিয়াস মুন্সি, সাইফুল মাওলানা, মুনছের মিয়া ও হাকিম বেপারির বাড়ি থেকে ১০ লাখ টাকার মালামাল চুরি হয়। জানুয়ারি মাসে চরজানাজাত এলাকার ফারুক মিয়া, জসিম মাদবর, সোবাহান শেখ, সালাম মিয়ার বাড়িসহ আরও কয়েক বাড়ি, ১৯ জানুয়ারি শিকদারহাট এলাকায় সোনা মিয়া ও লতিফ মিয়া, ২৪ জানুয়ারি বাশকান্দি এলাকার খোকন মিয়া, মনির হোসেন ও ফারুক হাওলাদার, ২৭ জানুয়ারি কাদিরপুর এলাকার ব্যাবসায়ী মোসলেম আকন, তোফাজ্জেল হাওলাদার ও রোকন মিয়া এবং ৩ ফেব্রুয়ারি পৌর এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে চুরি হয়েছে।মাদবরচর এলাকার শুক্কুর আলী, ফারুক, ছোবাহানসহ কয়েকজন জানান, গত এক মাসে শিবচরের বিভিন্ন জায়গায় যেভাবে ডাকাতির ঘটনা ঘটছে, তাতে তাঁরা আতঙ্কিত। ডাকাতদের ভয়ে তাঁরা এখন রাতে ঘরে পালা করে ঘুমান।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক পিপিএম বলেন, ‘শীতকালে মানুষের চলাফেরা একটু কম হয়। এ কারণে অপকর্মটা একটু বেশি হয়। তা ছাড়া আমরা বিভিন্ন অভিযোগে আসামিদের গ্রেপ্তার করে চালান দেওয়ার পর তারা আবার জামিনে এসে এসব ঘটনা ঘটায়। তার পরও আমি কঠোর হস্তে এগুলো দমন করার চেষ্টা করছি।’