চট্টগ্রামের মিরসাইয়ে গুলি করে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার আসামি নুর হোসেন ওরফে আরিফ অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।
গত মঙ্গলবার রাতে আরিফকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপপরিদর্শক আরিফ আলী। তিনি বলেন, জবানবন্দিতে আরিফ ডাকাতির ঘটনায় কারা জড়িত ছিল তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। ডাকাতির ঘটনায় দুটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিঠাছড়া বাজার এলাকায় পূবালী ব্যাংকের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিনসহ তিনজনকে গুলি করে সাড়ে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দীন সিকদার বলেন, ডাকাতির ঘটনায় সাতজন অংশগ্রহণ করেছিল। লুটে নেওয়া টাকাগুলো কার কাছে আছে তাও বলেছে আরিফ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এই মামলায় গ্রেপ্তার বাকি দুই আসামি শাহ মোজাম্মেল ও সাজ্জাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।