অপরাধ স্বীকার করে চারজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার হওয়া চার যুবক। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে তারা জবানবন্দি দেয়। তারা হলো গিয়াস উদ্দিন, মো. মাহবুবুল, মো. সাগর ও মাহজারুল ইসলাম। তারা বাকলিয়া এলাকায় থাকে।
এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গ্রেপ্তার হওয়া চার যুবককে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে তাদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি।
গ্রেপ্তার হওয়া গিয়াস যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে নাম না প্রকাশের শর্তে দলের একাধিক নেতা জানিয়েছেন। একজন ওয়ার্ড কাউন্সিলরেরও ঘনিষ্ঠ সে। আর মাহজারুল সাবেক এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ঘনিষ্ঠ।
তবে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু দাবি করেন, গিয়াস যুবলীগের কেউ নয়। কাউন্সিলরের ঘনিষ্ঠ হলে হতে পারে।
৭ মে রাতে নগরের মুরাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখার ভেতরে নিরাপত্তারক্ষী ইব্রাহিম খলিলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ব্যাংকের সিসি ক্যামেরায় হত্যার দৃশ্য ধরা পড়ে।
গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, এক মাস আগে ছয়জন ওই ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার আগে একজন ব্যাংকের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করে। তাদের ধারণা ছিল, ওই ব্যাংকের ড্রয়ারে টাকা রাখা হয়। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। ব্যাংকের ভেতরে ঘুমিয়ে থাকা নিরাপত্তারক্ষী জেগে যাওয়ায় তাঁকে খুন করা হয়।
কমিশনার জানান, গ্রেপ্তার হওয়া চারজনের সঙ্গে রায়হান ও মাসুদ নামে আরও দুজন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যাকারীদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা কারও রাজনৈতিক পরিচয় দেখিনি। রাজনৈতিক পরিচয় আমাদের দেখার দরকার নেই। এদের মূল পরিচয় হচ্ছে এরা কিলার (হত্যাকারী)।’
গিয়াস উদ্দিনকে ছাড়িয়ে নিতে সরকারদলীয় এক কাউন্সিলর তদবির করেছেন এমন প্রশ্নে কমিশনার বলেন, ‘কোনো ধরনের তদবির ছিল না। আসামিদের গ্রেপ্তারে অপারেশন চলছিল। অপারেশন শেষ হওয়ার পর সাংবাদিকদের সামনে এনেছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গিয়াস ও মাজহারুলকে চট্টগ্রাম থেকে এবং অপর দুজনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত উপকমিশনার এস এম তানভির আরাফাত।
যেভাবে খুন করা হয়: তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং গ্রেপ্তারের পর চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ৭ মে রাতে ব্যাংকের জানালার রড ভেঙে ভেতরে ঢোকে মাহবুবুল, মাসুদ ও সাগর। দলনেতা গিয়াস বাইরে অপেক্ষা করছিল। রায়হানও রাস্তার অপর পাশে অপেক্ষায় ছিল। পুলিশ সূত্র জানায়, তিনজন যখন ব্যাংকের ভেতরে ঢোকে, তখন ক্যাশ শাখার সামনে মেঝেতে ঘুমিয়ে ছিলেন নিরাপত্তারক্ষী ইব্রাহিম। তিনি জেগে ওঠায় তাঁর মাথায় আঘাত করে মাসুদ। এরপর মাহবুবুল প্রথম ছুরিকাঘাত করে। পরে মাসুদ তাঁর মাথা ও মুখ চেপে ধরে। সাগর গলা কেটে তাঁকে খুন করে।
ডাকাতি সংঘটনের জন্য দুটি ছোরা, রড ভাঙার শাবল, স্ক্রু ড্রাইভার ও অন্যান্য সামগ্রী কেনা হয়। খুনের পর ড্রয়ার ভেঙে সেখানে টাকা না পেয়ে হতাশ হয় তারা। এরপর ভল্ট খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বের হয়ে আসে। বের হয়ে রক্তমাখা ছোরা দুটি মুরাদপুর কবরস্থানের পাশে ফেলে দেয়।
পরে সাগর, মাসুদ ও মাহবুবুল বাকলিয়ায় মাজহারুলের বাসায় যায়। সেখান থেকে সাগর ও মাহবুবুল ভোরে চট্টগ্রাম ত্যাগ করে। গিয়াস মোটরসাইকেল নিয়ে তার বাসায় চলে যায়। খুনের পর সাগর নিরাপত্তারক্ষীর মোবাইল ফোনটি নিয়ে যায়। ওই সেটে নিজের সিম ঢুকিয়ে গিয়াসকে ফোন দেয়। ওই ফোনের সূত্র ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।