অপরাধ স্বীকার করে দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রলবোমায় দগ্ধ দিনমজুর রণজিৎ নাথের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে জবানবন্দি দেন আসামি ইকবাল হোসেন ও রবিউল হোসেন ওরফে কামাল।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, হাটহাজারীতে অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বুড়ি পুকুরপাড় এলাকায় অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারলে রণজিৎ নাথ ও সাবের আহমেদ নামের দুই ব্যক্তি আহত হন। পরদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রণজিতের মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার পরিদর্শক জানান, রবিউল হোসেনকে হাটহাজারীর নাঙ্গলমোড়া এলাকা থেকে এবং ইকবাল হোসেনকে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জবানবন্দিতে তাঁরা আরও চারজনের নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। জবানবন্দি দেওয়া দুই আসামি শিবিরের কর্মী।