অপরাধজগতে মাদকাসক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের দুইডা ছেলে ছিল। ছোট ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বড় ছেলেই আমাদের ভরসা। কিন্তু এই ছেলেডারে মাদকে খাইয়ালাইছে। এখন হে বুড়া মা-বাবার গায়ে হাত তুলে। ঘরের আসবাব, তার বউয়ের কাপড়, স্বর্ণালংকার সবই বেইচ্চা দিছে।’ আখাউড়া পৌর শহরের মসজিদপাড়ার সৈয়দ হোসেন (৬২) এভাবেই তাঁর কষ্টের কথা বলেন। অবশেষে ২৬ আগস্ট মাদকাসক্ত ছেলে বাদল মিয়ার (৩২) যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সৈয়দ হোসেন তাঁকে থানায় সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ২৯ আগস্ট উপজেলার রাজাপুরের মিন্টু চৌধুরী (৫০) তাঁর ছেলে সাগর চৌধুরীকে (২১) পুলিশে সোপর্দ করেন। মিন্টুর অভিযোগ মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে তাঁকে প্রাণে মারতে ছুরিকাঘাত করেন। পরে পুলিশ সাগরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মসজিদপাড়ার কুফিল উদ্দিনের (২৮) বিরুদ্ধে তাঁর বাবা আলী আহমেদ থানায় অভিযোগ দেন ৪ সেপ্টেম্বর। পরে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত মাদকসেবন ও বাবার ওপর অত্যাচারের অভিযোগে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। আরও অনেকে সহায়-সম্বল বিক্রি করেও ছেলের চিকিৎসা করিয়ে ভালো পথে ফেরাতে পারছেন না।পুলিশ জানায়, ২৮ আগস্ট ভারতীয় এক ব্যবসায়ীর পাসপোর্ট ও ৯০ হাজার টাকা ছিনতাই হয় নারায়ণপুর এলাকায়। পরের দিন রানা মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যে নারায়ণপুর এলাকার সাইনধারা নদীর পার থেকে ওই ব্যবসায়ীর পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচজনের পরিচয় পাওয়া যায়। তারা সবাই মাদকাসক্ত। ২৬ আগস্ট আখাউড়ার ধরখার এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা, মাইক্রোবাস থামিয়ে তল্লাশির নামে যাত্রীদের মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় একদল ছিনতাইকারী। এ ঘটনায় স্থানীয় লোকজন কসবা উপজেলার শামীম মিয়া (৩৫) ও জয়নাল মিয়াকে (৪২) আটক করে। তবে এ কাজে অংশ নেয় সাতজন। তারা সবাই মাদকাসক্ত। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ আরও জানায়, কয়েক মাসে প্রায় ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুর্গাপুরের ওয়াজেদ আলীর বাড়ির গ্রিল কেটে ২১ আগস্ট একটি মোটরসাইকেল চুরি হয়। পরে আশুগঞ্জ থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুর্গাপুর গ্রামের হাবিবুল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যে বেরিয়ে এসেছে দুর্গাপুর গ্রামের কয়েকজন প্রভাবশালীর ছেলের নামও। যাঁদের প্রত্যেকেই মাদকাসক্ত। মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস (৬৫) প্রথম আলোকে বলেন, ৪ সেপ্টেম্বর তিনি মুক্তিযোদ্ধা ভাতা ছয় হাজার টাকা তোলেন। দুপুরে শহরের সড়ক বাজারে সেলুনে চুল কাটাতে গেলে সেখানে তাঁর টাকা ছিনিয়ে নেন নারায়ণপুরের তারেক মিয়া (২৭)। তারেক পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।আখাউড়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুরহিত বিমল চক্রবর্তী বলেন, মাদকাসক্তদের অত্যাচারে মন্দিরের তিনটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরও সোমবার মন্দিরের বিদ্যুৎ লাইনের তার কেটে নিয়েছে মাদকাসক্তরা। মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নান্নু মিয়া বলেন, নলকূপের মাথা চুরি এখন নিত্যদিনের ঘটনা। অন্যদিকে বাড়ি নির্মাণের জন্য রড কিনে নির্মাণ স্থানে রাখার জন্য দিনে-রাতে পাহারা দিতে হয়। মাদকাসক্তদের যন্ত্রণায় বাথরুমের বদনাটা পর্যন্ত নিরাপদ নয়। আখাউড়া উপজেলার ঐক্যবন্ধু মাদক নির্মূল কমিটির সভাপতি শিক্ষক শামসুল ইসলাম বলেন, মাদকের সহজলভ্যতাই দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একশ্রেণীর রাজনৈতিক নেতা ও সমাজে নেতৃত্বদানকারী কতিপয় ব্যক্তির সহায়তায় উপজেলায় মাদক কেনাবেচা হচ্ছে বলে ওই শিক্ষক অভিযোগ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সহায়তা ছাড়া পুলিশের একার পক্ষে মাদক নির্মূল দূরের কথা নিয়ন্ত্রণও সম্ভব নয়।