অপরাধী অপরাধীই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফেনী ও নারায়ণগঞ্জের সন্ত্রাসের ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন তার নিজের গতিতে চলবে। অপরাধী অপরাধীই। তাদের বিচার হবে।
গতকাল বৃহস্পতিবার দশম সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদের পরে আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে বলেন, ‘...এখন প্রতিমুহূর্তে আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের আন্দোলন মানে তো বোমাবাজি আর আগুন দিয়ে পুড়িয়ে মানুষ খুন করা। এ অবস্থা চলুক তা আমরা চাই না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘স্থিতিশীল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার পরও কিছু ঘটনা ঘটেছে ফেনী ও নারায়ণগঞ্জে। এতে আমরা আমাদের লোক হারিয়েছি। কিন্তু আমরা বসে নেই। আইন তার নিজের গতিতে চলবে। অপরাধী অপরাধীই। তাদের বিচার হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খালেদা জিয়ার সাক্ষাৎকার সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘তিনি বিদেশি পত্রিকায় বক্তব্য দেন। কিন্তু নিজের চেহারা দেখেন না। তিনি সাক্ষাৎকার দিয়েছেন, নাকি নিজে লিখেছেন, জানি না। তবে ছাপা হয়েছে সাক্ষাৎকার আকারে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নাকি কিছু করেনি। উনিই সবকিছু করেছেন। কিন্তু উনি কী করেছেন, তা তো দেশের মানুষ জানে। সংখ্যালঘুদের জন্য তিনি মায়াকান্না করছেন। হত্যা, খুন আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দোষ চাপিয়েছে আওয়ামী লীগের ওপর।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। দক্ষিণ এশিয়ার সবার সঙ্গে সুসম্পর্ক গড়াই আমাদের পররাষ্ট্রনীতি।’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচ এম এরশাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘...অস্ত্র, টাকা, মাদক ও ঋণখেলািপ সৃষ্টি করেছিল সেনাশাসকরা। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে পাকাপোক্ত করতে ধনিকশ্রেিণ তৈরি করেছিলেন। ...জিয়া যেভাবে ক্ষমতা দখল করেছিলেন, ঠিক একইভাবে ক্ষমতা দখল করেন হুসেইন মুহম্মদ এরশাদ।’
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরের ঘটনাপ্রবাহের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে বললাম, আপনি কারও প্রার্থী হবেন না। জনগণের প্রার্থী হোন। ...মীরজাফর হবেন না। তিন মাসও টিকতে পারবেন না। কিন্তু এরশাদ সাহেব ঘোষণা দিলেন, সাত্তার উনার প্রার্থী। সেনাপ্রধান হয়ে তিনি এভাবে ঘোষণা দিতে পারেন কি না, সেটা প্রশ্ন। তারপর খালেদা জিয়া সাত্তার সাহেবের বিরুদ্ধে বিবৃতি দিলেন। এরশাদ সাহেবের হয়তো মনে আছে, যা হওয়ার তাই হলো। ...সাত্তার সাহেবকে সরিয়ে আহসান উল্লাহ সাহেবকে আনা হলো। সামরিক শাসন জারি হলো। আমাদের গ্রেপ্তার করা হলো। অনেক রক্ত নিয়ে ১৯৮৬ সালে নির্বাচন হলো। নিরপেক্ষ নির্বাচন হলে উনাকে (এরশাদ) পদত্যাগ করতে হতো না।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত এক হলে আমরা ক্ষমতা দখল করতে পারতাম। বিচারপতি সাহাবুদ্দীন সাহেব আমাকে ডেকেছিলেন। কিন্তু আমরা নীতিগত কারণে রাজি হইনি।’
অধিবেশনের সমাপ্তি: প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পড়েন। এ অধিবেশনে ছয়টি বিল পাস হয়েছে।