অপরাধী কাউকে রেহাই দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলাম গত রোববার পরিকল্পিতভাবে নারকীয় তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের প্রত্যেককে মামলার মুখোমুখি করা হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।

গতকাল সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানার প্রশ্নই ওঠে না বলে জানান মন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, ‘এগুলো আমাদের সংবিধান পরিপন্থী।’

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, রোববার হেফাজতে ইসলাম নামধারী সন্ত্রাসীরা তাণ্ডব ও ধ্বংসলীলা চালিয়ে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন, ব্যাংক, গোলাপ শাহ মাজার, বায়তুল মোকাররম কমপ্লেক্সসহ দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে; ফুটপাতের হকারদের মালামাল লুট করেছে; শিল্প ব্যাংকের পাশে সরকারি পরিবহন পুলে পার্কিং করা অবস্থায় থাকা ৪০টি বাসসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক যানবাহনে আগুন দিয়েছে।

মন্ত্রী আরও অভিযোগ করেন, পল্টনের মুক্তি ভবনে কমিউনিস্ট পার্টির অফিসে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সড়কদ্বীপের অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। এসব ঘটনা দেখে মনে হয়েছে, তারা পরিকল্পিতভাবে তাণ্ডব চালানোর জন্যই প্রস্তুতি নিয়ে এসেছিল।

খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তিনি ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে মেতে ওঠা হেফাজতিদের পাশে বিএনপি ও ১৮-দলীয় নেতা-কর্মীদের দাঁড়ানোর নির্দেশ দিয়ে প্রমাণ করলেন, ওনার দিলে এতটুকু ‘রহম’ নেই। উনি ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছেন।