
পাটগ্রাম থেকে লালমনিরহাট সদর হাসপাতালের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। সন্তান প্রসব করতে পাটগ্রাম থেকে এত দূরে যেতে অনেক মা দুর্ভোগ পোহাচ্ছেন।
ভিডিও কনফারেন্সে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে এ তথ্য জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করেন। তিনি পাল্টা জানতে চান, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে কি না? উপজেলা চেয়ারম্যান হ্যাঁ সূচক জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ৫০ শয্যার হাসপাতালে নিরাপদ ডেলিভারি বা অস্ত্রোপচার হবে না কেন?
এরপর প্রধানমন্ত্রী এ বিষয়ে জেলা সিভিল সার্জনের বক্তব্য জানতে চান। সিভিল সার্জন জানান, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বা জটিল ডেলিভারি হয় না। প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে লালমনিরহাট ও বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন।
এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, ‘কে অপরাধী, সেটি আগে দেখতে হবে। অপরাধী কোন দলের, তা দেখার দরকার নেই। অন্যায় যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরপর তার পরিচয় খোঁজেন।’ তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার সমস্যা হচ্ছে, কিছু লোক সব সময় ক্ষমতাসীন পার্টির সঙ্গে থাকে। এরা আসেই অপকর্ম করতে।গত মাসে রংপুরে এক আওয়ামী লীগ নেতা খুন হওয়ার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবেই হোক উন্নয়ন করতে হবে। যারাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক চোরাচালানে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ স্বস্তিতে জীবন যাপন করবে এটাই আমরা চাই।’রংপুরের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান হোসেনকে কুপিয়ে হত্যার ওই ঘটনায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমকেও আসামি করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘অপরাধী কে, কোন দলের, তা জানতে চাই না। অপরাধ করলে ধরতে হবে।’