অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ১৮তম দিনে এসেও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মামলার যৌক্তিক অগ্রগতি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তি ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পাসে গ্রীষ্মকালীন অবকাশের মধ্যে চলা এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, প্রক্টর মুজিবুল হক আজাদ খানসহ প্রায় তিন শ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমার এ হত্যার বিচার নিশ্চিত করে আমার-আপনার মধ্যে যে আতঙ্ক নেমে এসেছে তা থেকে মুক্তি পেতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে এক সাথে এ আন্দোলন চালিয়ে যেতে হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার পর আমরা আন্দোলন করে বিচার দাবি করে আসছি। এ দাবি শুধু শিক্ষক সমিতির নয়, এ দাবি ইংরেজি বিভাগের নয়, এ দাবি শুধু সিদ্দিকী পরিবারের নয়, এ দাবি বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি। আমরা দেখতে চাই প্রকৃত অপরাধীদের ধরা হয়েছে, আমরা দেখতে চাই প্রকৃত অপরাধীদের শাস্তি হয়েছে। এ শাস্তি নিশ্চিত হলেই কেবল বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তাহীনতা দূর হয়ে যাবে।’
এ সময় ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার বলেন, একজন সাধারণ মানুষ হত্যা হলে আইনের নিজ গতিতে এ হত্যার বিচার নিশ্চিত করার কথা। কিন্তু আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারিয়ে আইনের নিজ গতি দেখতে পাচ্ছি না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম শান্তনু, সদস্য সুমনা সরকার, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক সফিকুন্নবী সামাদী প্রমুখ।
মানববন্ধন শেষে সেখানে থেকে একটি মৌন মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলাভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও যুবক খায়রুল ইসলামকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাঁরা এখন পর্যন্ত হত্যার কথা স্বীকার করেনি।