এ বছর বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির মামলায় জড়িতদের শনাক্ত করতে না পারাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা এ ঘটনার পুনঃতদন্তও চেয়েছেন।
এ ঘটনা গত ২২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির উপপরিদর্শক দীপক কুমার দাস ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। অর্থাৎ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে তারা শনাক্ত করতে পারেনি।
বাংলা বর্ষবরণের ওই ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দী কয়েকজন নারীকে উদ্ধার করতে গিয়ে আহত হন। তিনি ঘটনাস্থল থেকে দুজনকে ধরে পুলিশের হাতে দিলেও তাদের গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়া হয়।
১৪ এপ্রিল যৌন হয়রানির ঘটনায় ভিকটিমের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করে পুলিশ। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে। ২৩ এপ্রিল মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি। ঘটনায় ১৬ এপ্রিল হাইকোর্ট রুল দেন।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া প্রসঙ্গে জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান প্রথম আলোকে বলেন, পুলিশ বলছে তারা কোনো আসামি ধরতে পারেনি। এ ক্ষেত্রে পুলিশের সক্ষমতা নেই তা কিন্তু বলা যাবে না। পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক প্রশংসনীয় অর্জন আছে। পয়লা বৈশাখের ঘটনায় ‘নারী’ জড়িত বা নারীর বিষয় বলেই শুধু তারা আসামি ধরতে পারেনি। এ ক্ষেত্রে পুলিশ ঘটনাটির যথাযথ গুরুত্বই দেয়নি।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও আইনজীবী ফাওজিয়া করিম চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টিকে সরাসরি পুলিশের ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি বলেই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে না রাজি দিয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি। প্রয়োজনে অন্য কোনো সংগঠনকে দিয়েও আবার তদন্ত করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, পুলিশ একজন আসামিও ধরতে পারেনি এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। পুলিশ ভেবেই রেখেছিল, মানুষ আস্তে আস্তে যখন ঘটনাটি ভুলে যাবে, পরিস্থিতি শান্ত হবে তখন চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেবে। এ ঘটনা পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন,‘ পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার পরপর চেষ্টা করেছি। তবে যাদের চিহ্নিত করা হয় তাদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তবে আমরা মনে করি, যেভাবেই হোক, আসামিদের খুঁজে বের করা উচিত। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলেও যখনই তথ্য পাওয়া যাবে তখনই মামলাটি চালু করতে হবে।’
গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার এবং সাধারণ সম্পাদক জি এম জিলানী এক যৌথ বিবৃতিতে বলেছেন, পুলিশের এহেন স্বেচ্ছা প্রণোদিত অপারগতার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায়, নারী নির্যাতন বিষয়ে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কেমন। এ ধরনের তদন্তকে তদন্তের নামে প্রহসন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।