অপরাধী শাস্তি না পাওয়াতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র অঘোষিতভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে গুমের ঘটনার দায় থেকে মুক্তি দিয়েছে। অপরাধ করেও শাস্তি না পাওয়ার জন্যই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।গতকাল রোববার মানবাধিকার সংগঠন অধিকার এবং গুমবিরোধী এশীয় ফেডারেশনের (আফাদ) উদ্যোগে আয়োজিত সভার শেষ দিনের আলোচনায় এই অভিমত দেন বক্তারা।রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘গুম হওয়া থেকে সবার সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বীকৃতি’ শীর্ষক দুই দিনের এই সভার আয়োজন করা হয়। গতকাল সভার শেষে আয়োজক দুই সংগঠন এক সংবাদ সম্মেলনে এই আন্তর্জাতিক সনদে দ্রুত স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।নিখোঁজ বা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন এমন কয়েকজনের পরিবারের সদস্য সভার শুরুতে কথা বলেন। তাঁদের মধ্যে রয়েছেন নিখোঁজ বিএনপির নেতা চৌধুরী আলমের বড় ছেলে আবু সাঈদ, সিরাজগঞ্জের নিখোঁজ নজরুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক আগরওয়াল বলেন, ‘গুমের ঘটনার বৈশিষ্ট্য সব দেশে একই রকম।’ আফাদের মহাসচিব মেরি এইলিন ডায়েজ বাকালসো বলেন, এশিয়ার দেশগুলোতে গুমের ঘটনা সর্বোচ্চ। আরও বক্তব্য দেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের নির্বাহী পরিচালক ওং কাই শিং, জোরপূর্বক গুম-সংক্রান্ত জাতিসংঘের ১০ সদস্যের কমিটির অন্যতম রেইনার হুলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান।বিকেলের অধিবেশনের প্রধান অতিথি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘এখন গুমের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যাচ্ছে। গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে এটা একটা বড় বাধা।’ সভায় সুইজারল্যান্ড দূতাবাসের সহকারী মিশন-প্রধান কারিন রোলিন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধিকারের সভাপতি সি আর আবরার ও উপদেষ্টা ফরহাদ মজহার।