
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘আমরা চাই বাচ্চাদের যাতে অপরাধ জগতের সঙ্গে পরিচয় না ঘটে। বাচ্চারা যাতে তার মা-বাবার সঙ্গে থাকে। এর জন্য আমাদের নতুন আইনে ডাইভারশনের কথা বলা হয়েছে।’
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
কাজী রিয়াজুল বলেন, ছোটখাটো অপরাধের জন্য বাচ্চাদের কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে বা কিশোর সংশোধন কেন্দ্রে না পাঠিয়ে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হোক। পরিবার যদি না পাওয়া যায়, তবে সোসাইটির কারও কাছে অথবা সরকারের যেসব সদন আছে, সেসব জায়গায় তাদের নিতে হবে। অপরাধীদের সঙ্গে বাচ্চাদের যোগাযোগ থাকা ঠিক নয়।
শিশু উন্নয়নের কেন্দ্রের শিশুদের আদালতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের মামলা নিষ্পত্তি করা সম্ভব বলেও মনে করেন কমিশনের চেয়ারম্যান। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হবে। এ ছাড়া তিনি শিশুদের বিচার শিশু আদালতে করা, শিশুদের চার্জশিটও আলাদা ও দ্রুততম সময়ে করা এবং থানায় একজন করে শিশুবিষয়ক কর্মকর্তা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে খেলাধুলার ব্যবস্থা, কাউন্সেলিং ও সার্বক্ষণিক চিকিৎসক রাখার ওপরও গুরুত্ব দেন।
এসব কেন্দ্রে থাকা শিশুদের শিক্ষা এইচএসসি পর্যন্ত করার ওপর গুরুত্ব দেন কাজী রিয়াজুল। তিনি বলেন, এসব কেন্দ্রে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করানো হয়। ‘আমরা মনে করি, এই লেখাপড়া এইচএসসি পর্যন্ত যাওয়া উচিত। কারণ, ১৮ বছর পর্যন্ত শিশু। এ বয়সে মানুষ এইচএসসি পাস করে। এখানে যারা আছে, তাদের যদি কাজের মধ্যে রাখতে পারি, তবে মা-বাবার অভাব কম বোধ করবে। তাদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে যখন তার মামলা নিষ্পত্তি হবে, তখন সে একজন মানুষ হিসেবে এখান থেকে বের হবে। সে দেশের সম্পদ হবে। বিদেশেও কাজ করতে পারবে।’
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সকালে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছালে ফুল দিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁরা শিশুদের বন্দী নিবাস পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন, সমাজসেবা বিভাগের উপপরিচালক শংকর শরণ সাহা, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. শাহ জাহান প্রমুখ।