
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য শুধু ব্যক্তির নয়, অপরাধী সংগঠনেরও বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল রোববার পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজধানীর মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সব বয়সের, সব স্তরের মানুষ।
১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার-আলবদররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা বাস্তবায়ন করে। তারা দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হত্যা করে। তাঁদের অনেকের লাশ মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া যায়। ১৬ ডিসেম্বর বিজয়ের পর রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমি হয়ে ওঠে বাঙালি জাতির দুঃখগাথার আরেক নাম। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ তাই গতকাল মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের আত্মদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বুদ্ধিজীবীদের সন্তান, রাজনীতিক, শিক্ষার্থীসহ সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ। সারা দেশেও একইভাবে দিনটি পালিত হয়েছে।

বাসস জানায়, সকাল আটটা এক মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত; সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের অন্য নেতারা।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির সাংসদ নোমান মিয়া ও সেলিম উদ্দিন।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আরও শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, তিন বাহিনীর প্রধানেরা, মন্ত্রিসভার সদস্য ও সাংসদেরা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকেও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
খালেদা জিয়ার শ্রদ্ধা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ দলের অন্য নেতারা।
সেখানে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। সুপরিকল্পিতভাবে গুম-খুনের মধ্য দিয়ে বাংলাদেশি জাতিসত্তা ও গণতন্ত্রের জন্য যাঁরা সংগ্রাম করছেন, তাঁদের নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এ আন্দোলন সফল হবে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনও ব্যর্থ হবে না।
রায়েরবাজারে মানুষের ঢল: গত শনিবার দিবাগত মধ্যরাত থেকেই রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নানা বয়সের মানুষ আসতে থাকে। রাত ১২টা এক মিনিটে স্থানীয় সাংসদ ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় অসংখ্য মোমবাতি জ্বালিয়ে আলোর মালায় সাজিয়ে তোলা হয় স্মৃতিসৌধ চত্বর।
রায়েরবাজারে আবার শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হয় গতকাল সকাল আটটা থেকে। ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের বেদি। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ প্রভৃতি।
এ সময় মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন করে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনের বিচার ও শাস্তিদানের সুযোগ তৈরি করা হবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে বিদেশ থেকে আনার জন্য সরকার সক্রিয় আছে।
শমী কায়সার বলেন, শুধু নিজামী-সাঈদীদের বিচার করলে হবে না, জামায়াতের বিচারও করতে হবে। না হলে জামায়াতের আদর্শ বাংলাদেশে থেকে যাবে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রায়েরবাজারে জনতার স্রোত বাড়তে থাকে। স্মৃতিসৌধ চত্বরের দক্ষিণ পাশে বিশালাকার ডিজিটাল প্রিন্টে মুক্তিযুদ্ধের ছবি ও সংবাদপত্রের কাটিং প্রদর্শনীর আয়োজন করা হয়। উত্তর পাশে বসানো হয় বুদ্ধিজীবীদের প্রতিকৃতি। বধ্যভূমিতে পড়ে থাকা বুদ্ধিজীবীদের আদলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে খেলাঘর আসর।