অপরাধীদের আস্তানা ইউপি ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নতুন নির্মাণাধীন সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়টি অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। সেখানে দিনরাতে জুয়াখেলা, মাদক সেবন ও নানা অসামাজিক কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে পুরাতন সেই জরাজীর্ণ ভবনে। এ ভবনটি পৌর এলাকার থানা পুলিশসংলগ্ন এলাকায় অবস্থিত। ইউপি সদস্য মোহামঞ্চদ আলম বলেন, পরিষদের জায়গা না থাকায় বসার কোনো স্থান পাওয়া যাচ্ছে না। এ ছাড়া স্থানসংকুলান না হওয়ায় পরিষদের সভা করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ পরিষদের সামনে বিশাল মাঠ থাকলেও সেটিতে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার সুপারির হাট, অন্য পাঁচ দিন অটোরিকশা, টমটম ও রিকশার দখলে থাকে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো ফল হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ-বাহারছড়া সড়ক ঘেঁষে ৪০ শতক জমির ওপর সদর ইউপির কার্যালয়টি নির্মিত হচ্ছে। ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয় যুবকেরা অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। টেকনাফ ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে হারিকেন-মোমবাতি জ্বালিয়ে জুয়াখেলা চলে। লেঙ্গুরবিল এলাকার ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ভবনটির নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে ১০ কিলোমিটার দূরে পৌরসভায় গিয়ে ইউনিয়নের কাজ করতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন, ঠিকাদার ও স্থানীয় এলজিইডির গাফিলতির কারণে নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকার কিছু যুবক সেখানে অসামাজিক কাজসহ জুয়াখেলা ও মাদক সেবনের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে।