বান্দরবানের আদিবাসী ছাত্রনেতারা অভিযোগ করেছেন, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহী হচ্ছে। বিভিন্ন মহল অপরাধীদের প্রশ্রয় ও উসকানি দিচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করতেই সহিংস কর্মকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটানো হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও মারমা স্টুডেন্ট কাউন্সিলের (বিএমএসসি) উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ অভিযোগ করা হয়। থানচি উপজেলার বলীপাড়ায় চার শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে মারমা, ত্রিপুরা, চাক, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকেন।
মানববন্ধনে বক্তব্য দেন জনসংহতি সমিতির বান্দরবান জেলার সহসাংগঠনিক সম্পাদক মংস্তু মারমা, পিসিপির জেলা সভাপতি উবাসিং মারমা, সাধারণ সম্পাদক অজিত তঞ্চঙ্গ্যা, বিএমএসসির জেলা সভাপতি হ্লামং মারমা, ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সদস্য সুখেন্দু ত্রিপুরা, চাক ছাত্রসংগঠনের থোয়াইগ্যজাই চাক প্রমুখ।