অপরাধীদের কঠোর শাস্তির দাবি
অ্যাসিড নিক্ষেপকারীসহ নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে নারীরা আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, তা চিন্তা করবেন। তাই অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার ইডেন কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সরকারসহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ছিলেন অ্যাসিডদগ্ধ নারীদের সঙ্গে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন এমন পরিরারের সদস্যরাও। তাঁদের সঙ্গে অংশ নেন নারী আন্দোলনকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল, ‘অ্যাসিড নিক্ষেপকারীদের ধরিয়ে দিন, নইলে আপনি বা আপনার স্বজনও এর শিকার হতে পারে’, ‘অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’ লেখা নানান ব্যানার। অ্যাসিডদগ্ধ পরিবারের সদস্যদের চোখে ছিল পানি। কণ্ঠে ছিল অপরাধীর ফাঁসির দাবি। আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়, তারও আহ্বান ছিল মানববন্ধনে। মানববন্ধন শেষে একটি মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মানববন্ধনে আলোচনায় উঠে আসে, গত মঙ্গলবার অ্যাসিড-সন্ত্রাসের শিকার ইডেন কলেজের ছাত্রীটির কথা। তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারেরও দাবি জানানো হয়। ছাত্রীটির ছোট ভাই বলেন, ‘ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আসামিরা ধরা পড়েনি। স্বরাষ্ট্রমন্ত্রী একবারের জন্যও হাসপাতালে আমার বোনকে দেখতে যাননি। আসামিদের হুমকিতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার বোন যেভাবে মৃত্যুযন্ত্রণায় কোঁকাচ্ছে, সেই অবস্থার শিকার যেন আর কাউকে না হতে হয়।’ এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। সেই কান্না উপস্থিত অন্যদেরও নাড়া দেয়।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, মেয়েটিকে শিক্ষামন্ত্রী দেখতে এলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ভারতে নারী নির্যাতনের ঘটনায় দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত সমবেদনা জানালেন। তিনি বলেন, নারীদের সহিংসতার হাত থেকে বাঁচাতে না পারলে নারীর ক্ষমতায়ন হবে কীভাবে। তিনি বলেন, ‘নারীর পক্ষে থাকার জন্য অঙ্গীকার করবেন, নারীরা ভোট দেবে; না হলে দেবে না।’প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আজিজ খান বলেন, একটি মেয়ের মুখও যদি অ্যাসিডে ঝলসে যায়, তাতে পুরো জাতি দুঃখিত হওয়ার কথা। তিনি বলেন, অ্যাসিড নিক্ষেপ মহা পাপ।সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং নারী আন্দোলনকর্মী মালেকা বেগম বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।প্রেমে সাড়া না দেওয়ায় কুমিল্লার দাউদকান্দির নবম শ্রেণীর ছাত্রী অ্যাসিডদগ্ধ ফারজানা গত ডিসেম্বরে মারা গেছে। মানববন্ধনে উপস্থিত ফারজানার বোন মাকসুদা আক্তার বলেন, এখন পর্যন্ত সব আসামি গ্রেপ্তার হয়নি। মামলার অভিযোগপত্রও দেওয়া হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ও এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাঁর মতে, নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে না পারলে খুব একটা লাভ হবে না।অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনা যতই সবাই চুপ করে সহ্য করবে, ততই নিজেও এ ঘটনার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হবে।প্রথম আলো ট্রাস্টের সদস্য আইনজীবী তানজীব উল আলম বলেন, আইনের আওতায় শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা যাচ্ছে না। তাই অপরাধীরা ভেবেই নেয়, অপরাধ করলেও শাস্তি হবে না। মানববন্ধনে আরও বক্তৃতা দেন অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী আসিফ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জয়ন্তী রায় প্রমুখ।এর আগে ইডেন কলেজের ছাত্রীরা অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন। তাঁরা এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ করেন। নারী প্রগতি সংঘের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মহিলা পরিষদ: ইডেন কলেজের শিক্ষার্থীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মহিলা পরিষদের প্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে মেয়েটির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তাঁকে চিকিৎসাসহ সার্বিক সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।