অপরাধীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর-তারাকান্দি-ভূঞাপুর রেলপথে ট্রেনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ থেকে পরিত্রাণে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকাতদের গ্রেপ্তার ও টিকিটের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়। জামালপুর প্রেসক্লাবে গতকাল সোমবার জেলা বাম গণতান্ত্রিক ঐক্য ওই সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে দলটির নেতারা অভিযোগ করেন, কয়েক মাস ধরে ওই রেলপথে বিভিন্ন ট্রেনে ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে চলেছে। জুলাই থেকে অক্টোবর এই কয়েক মাসে রেলপথটিতে ডাকাতদের হামলায় তিন যাত্রী নিহত হন। এ সময়ের মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে ছয়টি।গত ১৭ অক্টোবর রাতে সরিষাবাড়ীতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় ডাকাতেরা রেপতি কুমার দাস নামের এক ব্যবসায়ীর টাকা লুট করে তাঁকে নিচে ফেলে দিলে তিনি মারা যান। ১৩ অক্টোবর আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেসে অজ্ঞাত এক ব্যক্তি ডাকাতের কবলে পড়ে নিহত হন। ২৯ জুলাই ডাকাতদের হামলায় ইব্রাহিমপুর নামক স্থানে নিহত হন যমুনা এক্সপ্রেসের যাত্রী মিজানুর রহমান। ২৭ সেপ্টেম্বর রাতে ডাকাতেরা জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকার সম্পাদক মোফাজ্জল হোসেনকে যমুনা এক্সপ্রেস থেকে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। এসব ডাকাতির ঘটনায় আরও নয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে কল্যাণ চৌধুরী, মোজহারুল হক, আলী আক্কাছ, আমির উদ্দিন, মাদল হাসান, আলমগীর আহমেদ, জাহিদ হাবিব, আবদুল আউয়াল, বিশ্বজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন।