ময়মনসিংহের নান্দাইলের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত দুই তরুণকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, ওই শিক্ষিকাকে যে স্থান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেটা নান্দাইল থানার আওতাধীন। শিক্ষিকার কর্মস্থলও নান্দাইলে। কিন্তু রহস্যজনক কারণে নান্দাইল মডেল থানার পুলিশ মামলাটি নেত্রকোনার কেন্দুয়া থানায় পাঠিয়েছে। সমাবেশ শেষে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়।নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, অপরাধ যেখানে ঘটেছে (পিও) সেটি কেন্দুয়া থানার আওতায়। তাই অভিযোগটি সেখানে পাঠানো হয়েছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ মুঠোফোনে বলেন, ‘মামলা দায়ের হলেই তো কাউকে গ্রেপ্তার করতে পারি না। ঘটনা যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আসামি গ্রেপ্তারের প্রসঙ্গটি আসবে।’শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষিকাকে সাইফুল ও রফিকুল নামে দুই যুবক রাস্তা থেকে জোর করে একটি বাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।