অপরাধীদের চেনেন নেতারা ব্যবস্থা নিতে পারেন না!
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার কেরানীগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় সন্ত্রাসী ফারুক ওরফে আল আমিন ওরফে নান্টুর সঙ্গেও তাঁদের যোগাযোগ থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।হরিরামপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার গালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহসভাপতি মিঠু মোল্লা ও উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মারুফ হোসেন ঝিটকা এলাকার স্টেপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভয়ভীতি দেখান। এ অবস্থায় ওই প্রতিষ্ঠানের তত্কালীন ব্যবস্থাপক রেজাউল ইসলাম গত ১২ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা করেন। পরদিন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গত ২৫ ফেব্রুয়ারি তাঁরা জামিনে ছাড়া পান।মামলার তদন্ত কর্মকর্তা ও হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি বলেন, মনোয়ার, মিঠু ও মারুফ হরিরামপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।এদিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী নান্টুকে গত ২৬ ফেব্রুয়ারি হরিরামপুর উপজেলার কান্দালঙ্কা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। নান্টু দীর্ঘদিন ধরে হরিরামপুর এলাকায় আত্মগোপন করে মুঠোফোনে কেরানীগঞ্জ এলাকায় সব অপরাধ নিয়ন্ত্রণ করতেন। তাঁর সঙ্গে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুর রহমান, বাল্লা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলতাফ হোসেন, গালা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিঠু মোল্লা ও ছাত্রলীগের কর্মী আবদুর রাজ্জাকের যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় ওই দিনই তাঁদের আটক করে পুলিশ। কিন্তু প্রভাবশালী মহলের তদবিরে তাঁরা ছাড়া পেয়ে যান। কেরানীগঞ্জ থানার এসআই মাইন উদ্দিন জানান, নান্টুর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে আরিফুর রহমান, আলতাফ হোসেন, মিঠু মোল্লা ও আবদুর রাজ্জাককে আটক করা হয়েছিল। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়।মুঠোফোন বন্ধ থাকায় এবং সরেজমিনে খুঁজে না পাওয়ায় মনোয়ার হোসেন ছাড়া অভিযুক্ত অন্যদের সঙ্গে এসব বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। গালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘কেন যে এসব মামলা হয়, তা আমার জানা নেই।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আবদুর রব, উপজেলা যুবলীগের সভাপতি বঙ্কিম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ কামাল হেসেন ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বলেন, আরিফুর রহমান, আলতাফ হোসেন, মিঠু মোল্লা, মনোয়ার হোসেন, মারুফ হোসেন ও আবদুর রাজ্জাক মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর পরও পদস্থ নেতাদের আশীর্বাদপুষ্ট হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দলের জন্য ক্ষতিকর। অবিলম্বে তাঁদের দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। এখনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কামরুল হুদা বলেন, দলের মধ্যেই তাঁদের আশ্রয়-প্রশ্রয়দাতা থাকায় সেটা সম্ভব হচ্ছে না।