রাঙামাটির লংগদু উপজেলার চারটি গ্রামের ক্ষতিগ্রস্ত পাহাড়িদের নিজ ভিটেমাটিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাঁদের নতুন করে বাড়িঘর নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, কিছু অশুভ শক্তি নিরীহ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যারা বাড়িঘরে আগুন দেওয়ার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীরা যেখানে থাকুক না কেন, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পাহাড়িদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘স্থানীয় প্রশাসন আপনাদের জন্য কিছু সহায়তার ব্যবস্থা করেছে। আপনারা দয়া করে সেগুলো গ্রহণ করুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। আপনাদের জন্য পূর্ণ নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।’
গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ১৪ দলের প্রতিনিধিদলের সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক মো. রেজাউল রশিদ খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ খান। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, রাঙামাটির সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান।
ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০টি বাড়ি গত শুক্রবার সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূইয়াছড়া, মধ্যমপাড়া, রাঙাপানিছড়া ও হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেয়।
মতবিনিময় সভার আগে গতকাল বেলা ১১টার দিকে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধিদলটি প্রথমে লংগদুর বাত্যাপাড়ায় নিহত ইউনিয়ন যুবলীগের নেতা মো. নুরুল ইসলামের বাড়িতে যান। সেখানে তাঁরা নুরুল ইসলামের মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা বাত্যাপাড়া ও তিনটিলা গ্রামে পুড়ে যাওয়া পাহাড়িদের ঘরবাড়ি পরিদর্শন করেন। পরে লংগদু সদরের কাঁঠালতলা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।
এদিকে আগুনে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছয় দিন পর অনেক পাহাড়ি পরিবার এলাকায় ফিরে আসেনি। আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, নিরাপত্তাহীনতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের ভিটেমাটিতে ফিরতে চাইছেন না।